ভুলে ভরা পাঠ্যপুস্তক ছাপার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, শুধু বদলি বা দপ্তর পরিবর্তন করে লোক দেখানো শাস্তি দিলে হবে না, সত্যিকারের শাস্তি দিতে হবে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। একই সঙ্গে কমিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ছাপানো এসব বইয়ের বিষয়ে খতিয়ে দেখতে একটি সংসদীয় উপকমিটি গঠন করেছে। সামশুল হক চৌধুরীকে এই উপকমিটির আহ্বায়ক এবং আলী আজম ও মোহাম্মদ ইলিয়াছকে সদস্য করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন প্রথম আলোকে বলেন, পাঠ্যপুস্তকের ভুল নিয়ে গণমাধ্যমে বিচ্ছিন্নভাবে লেখালেখি হয়েছে। ভালোভাবে খতিয়ে দেখলে আরও ভুল পাওয়া যাবে বলে কমিটি মনে করে। সে জন্য মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে মাঠপর্যায় থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বলা হয়েছে। তথ্য সংগ্রহের জন্য দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিতে বলা হয়েছে। তাঁরা পাঠ্যপুস্তকের ভুল ও অসংগতিগুলো চিহ্নিত করে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রতিবেদন পাঠাবেন। এ ছাড়া প্রাথমিকের জন্য পৃথক শিক্ষা বোর্ড গঠনের পাশাপাশি বই ছাপার জন্য এনসিটিবির আদলে প্রাথমিকের জন্য পৃথক প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়েছে, ভারতীয় প্রতিষ্ঠান শীর্ষসাই ছাড়া বাকি ২৯টি প্রতিষ্ঠান শতভাগ বই সরবরাহ করেছে। শীর্ষসাইয়ের ৪৬ শতাংশ বই এখনো হাতে পাওয়া যায়নি। তবে এসব বই চট্টগ্রাম বন্দরে এসে পেঁৗছেছে বলে জানা গেছে।
বৈঠকে শিশু কল্যাণ ট্রাস্টের কর্মকাণ্ডের স্বচ্ছতা খতিয়ে দেখতে জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক করে অপর একটি উপকমিটি গঠন করা হয়েছে। শিশু কল্যাণ ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৯ সালে। শুরুতে এর নাম ছিল পথশিশু কল্যাণ ট্রাস্ট। এর অধীনে ২৮টি বিদ্যালয় পরিচালিত হচ্ছে।
জানতে চাইলে জাহাঙ্গীর হোসাইন বলেন, এই ট্রাস্টের অধীনে পরিচালিত বিদ্যালয়গুলোর জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করা হলে তা যথাযথভাবে ব্যবহার হয় না বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া এই ট্রাস্ট প্রতিষ্ঠার পর দেশে ২৮ হাজার বিদ্যালয় খোলা হয়েছে। তাই এই ট্রাস্টের অধীনে আর কোনো স্কুল রাখার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। উপকমিটি এসব বিষয় খতিয়ে দেখবে।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, নজরুল ইসলাম, আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া অংশ নেন।