চাকরির মেয়াদ বাড়াতে বা অন্যান্য সুযোগ নিতে মুক্তিযোদ্ধা সেজে ভুয়া সনদ নেওয়ার বিষয়ে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্তে যাঁর বিরুদ্ধেই অনৈতিকভাবে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রমাণ পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেখা করতে গেলে তিনি তাঁকে এসব নির্দেশনা দেন। বিষয়টি বৃহস্পতিবার প্রথম আলোকে নিশ্চিত করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
মন্ত্রী জানান, বুধবার প্রথম আলোতে চাকরির শেষ সময়ে ‘মুক্তিযোদ্ধা সনদ’ নেওয়ার হিড়িক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনসহ ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে নানা শ্রেণী-পেশার মানুষের অভিযোগ বিষয়ে অবহিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন। প্রধানমন্ত্রী সে সময় বলেছেন, সব সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়, তাই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ পর্যন্ত যাঁদের নিয়ে অভিযোগ উঠেছে, পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাঁদের প্রত্যেকের বিষয়ে খতিয়ে দেখতে হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাঁদের সনদ বাতিল করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) অনানুষ্ঠানিক বৈঠকেও এসব বিষয়ে আলোচনা হয়।
সূত্রমতে, গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। এর মধ্যে গত কয়েক মাসে কয়েকজন সচিবের নাম অন্তর্ভুক্ত করে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশিত হয়েছে। তাঁরা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার। সনদ নেওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তারা রয়েছেন।