খনন না করায় মরে যাচ্ছে গোপলা নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

* শুকনো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত * বর্ষাকালে প্লাবিত হয় খেত * স্থানীয় লোকজন নদীটি খনন করার দাবি জানিয়েছেন

খনন না করায় মাটি জমে ভরাট হয়ে নদীর রূপ হারাচ্ছে গোপলা। কয়েক দশক আগেও নদীর অধিকাংশ স্থানের গভীরতা ১৫-১৬ হাত ছিল। এখন সেই গভীরতা কমে ২-৩ হাত হয়েছে। এতে একদিকে শুকনো মৌসুমে কৃষকেরা পানির অভাবে খেতে সেচ দিতে পারেন না, অন্যদিকে বর্ষাকালে নদীর পানি উপচে দুই পারের ফসল তলিয়ে যায়। এ কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ পরিস্থিতিতে নাব্যতা ফিরিয়ে আনার জন্য স্থানীয় লোকজন নদীটি খনন করার দাবি জানিয়েছেন। এটি মৌলভীবাজার সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীতে পানি না থাকায় কৃষকদের পাশাপাশি জেলেরাও বিপদে পড়েছেন। কারণ, আগের মতো নদীতে আর মাছ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় লোকজন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপলা নদীটি জেলার হাইল হাওর থেকে উৎপন্ন হয়েছে। হাইল হাওরের তিন দিকেই পাহাড়ি টিলাভূমি ও চা-বাগান। এই পাহাড় ও চা-বাগান থেকে অসংখ্য ছড়া (খাল) বেরিয়ে এসে হাইল হাওরে পড়েছে। গোপলা নদী প্রায় ৩০ কিলোমিটার অতিক্রম করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিজনা নদীতে গিয়ে মিশেছে। বিজনা গিয়ে মিশেছে কুশিয়ারা নদীতে। কুশিয়ারা আবার কালনী নদী হয়ে মিশে গেছে মেঘনায়। এতে গোপলার মাধ্যমে মেঘনা নদীর সঙ্গে হাইল হাওরের সংযোগ তৈরি হয়েছে। গোপলা নদী হাইল হাওরের পানি বেরিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম।

কাগাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজির উদ্দিন বলেন, হাইল হাওরে এই গোপলা নদীর উৎপত্তি। একসময় ৩৫২টি ছড়ার (খাল) পানি হাইল হাওরে এসে পড়ত। আর সব পানি নিষ্কাশন হতো গোপলা দিয়ে। সেই নদী এখন মরে গেছে। এখন শুকনো মৌসুমে কৃষক সেচ দিতে নদীতে পানি পান না। অনেক জমি পড়ে থাকে। চাষ হয় না। পানিপ্রবাহ ঠিক রাখতে গোপলা নদী খনন করতে হবে।

স্থানীয় লোকজন বলেন, গোপলা নদী যখন গভীর ছিল, তখন সব জাতের মাছ পাওয়া যেত। একসময় গোপলার বেত ঘোলা (গুলশা), ঘাগট (আইড়), গনিয়া ও বোয়ালের খ্যাতি ছিল। এগুলো এখন স্বপ্ন হয়ে গেছে। ৩০-৪০ বছরে গোপলা একেবারেই বদলে ভরাট হয়ে গেছে। শুকনো মৌসুমে নদীর বিভিন্ন স্থানে বাঁধ, মাছ ধরার জন্য বাঁশের খুঁটি স্থাপন এবং ধানের চাষ করায় নদী ভরাট হচ্ছে। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এলাকায় সেচ ও মাছসংকট দেখা দিয়েছে। এই নদীর ওপর নির্ভরশীল এলাকার লামা কাগাবলা, আটকান্দি, সুইলপুর, মীর্জাপুর, পচাউন, শতকসহ অনেক গ্রামের মৎস্যজীবী পরিবার এখন সংকটে পড়েছে।

কাগাবলা ইউনিয়নের আথানগিরি গ্রামের বাসিন্দা বর্তমানে মৌলভীবাজার শহরে বসবাসকারী হাসানাত কামাল স্মৃতিচারণা করে বলেন, ‘আমার ছোটবেলা কেটেছে গোপলার পাড়ে পাড়ে। নদীর বিভিন্ন স্থানে ডহর (গভীর স্থান) ছিল। সেসব ডহরে শুকনা মৌসুমেও ঠাঁই মিলত না। ভয়ে সেই ডহরের কাছে আমরা যেতাম না। ডহরের আশপাশে বাঁশের চোঙা, হগরা (মাছ ধরার বাঁশের তৈরি ফাঁদ) দিয়ে অনেক বড় বড় মাছ ধরেছি। এখন নদীর দিকে তাকালে খুব কষ্ট হয়।’

কাগাবলা ইউনিয়নের বুরুতলা গ্রামের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক হুমায়ূন কবীর বলেন, ‘নদীর অনেক স্থান ভরাট ও ছোট হয়ে গেছে। হাইল হাওরের উজানে চা-বাগান ও জনবসতিতে খোঁড়াখুঁড়ির সব মাটি হাইল হাওর হয়ে গোপলা নদীতে এসে পড়ছে। এভাবে চলতে থাকলে এবং নদী খনন না করা হলে ১০-১৫ বছরের মধ্যে নদীটি একটি মরা খালে পরিণত হবে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক আ স ম সালেহ বলেন, ‘খনন না করায় জেলার অনেক নদীই মরে যাচ্ছে। গোপলার অবস্থাও করুণ। এখনই খননের উদ্যোগ না নেওয়া হলে আমাদের এ অঞ্চলে পানির তীব্র সংকট দেখা দেবে। হাইল হাওরের পানি বেরিয়ে যাওয়ার রাস্তা থাকবে না।’

পাউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, ‘গোপলা নদীর বিষয়টি আমি জানি। গোপলাকে খনন করে আগের অবস্থায় নিয়ে যেতে হবে। খননের জন্য একটি প্রকল্প নেওয়া হচ্ছে।’