খনন নেই, আটকে যাচ্ছে নৌযান
পর্যাপ্তসংখ্যক ড্রেজার না থাকায় দক্ষিণাঞ্চলের নদীগুলো নিয়মিত খননকাজ করা যাচ্ছে না। এ কারণে পলি পড়ে এ অঞ্চলের বেশ কয়েকটি নৌপথের চরে লঞ্চ আটকে যাচ্ছে। যাত্রীরা পড়ছে ভোগান্তিতে।বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে , দেশের নৌপথগুলো সচল রাখার জন্য প্রতিবছর প্রায় এক কোটি ৮০ লাখ ঘনমিটার মাটি খনন করে উত্তোলন করা প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত ড্রেজার না থাকায় মাত্র ৩০ থেকে ৩২ লাখ ঘনমিটার খনন করা সম্ভব হচ্ছে। দেশের নৌপথগুলো সচল রাখার জন্য ২০-২৫টি ড্রেজারের প্রয়োজন থাকলেও আছে সাতটি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) হিসাব মতে, ১৯৮০ সালে দেশের মোট নৌপথের পরিমাণ ছিল ছয় হাজার কিলোমিটার। বর্তমানে তিন হাজার ৮০০ কিলোমিটার সচল রয়েছে। নিয়মিত খনন না করায় দেশের দুই হাজার ২০০ কিলোমিটার নৌপথ কমে গেছে।বিআইডব্লিউটিএর উন্নয়ন ও সংরক্ষণের নিমিত্তে সাতটি ড্রেজার রয়েছে। এর মধ্যে ১৯৭২ সালে ডেল্টা ১ ও ২ কেনা হয়েছে। বাকি পাঁচটি ১৯৭৫ সালে কেনা হয়। দীর্ঘ প্রায় ৪০ বছরে আর কোনো নতুন ড্রেজার যোগ হয়নি। ফলে পুরোনো ওই ড্রেজার জোড়াতালি দিয়ে চলছে খননকাজ। বর্তমানে তিনটি ড্রেজার কেনা হয়েছে, যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলে দাবি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের।বরিশাল লঞ্চমালিক সমিতি সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল নৌপথের খাসেরহাট, মুলাদী, হরিণাঘাট-আলুবাজার, আড়িয়াল খাঁ নদ, চর নাইন্দা, বরিশালের কীর্তনখোলা, লাহারহাট-ভেদুরিয়াসহ বিভিন্ন এলাকায় নদীর পানি কমে গেছে। এ ছাড়া ভোলা, লালমোহন ও বরিশাল-পটুয়াখালী নৌপথের বিভিন্ন স্থানে নাব্যতাসংকট সৃষ্টি হয়েছে। খনন না করায় এসব স্থান দিয়ে লঞ্চ চালাতে সমস্যা হচ্ছে। সুন্দরবন লঞ্চের মাস্টার মো. আমীর হোসেন বলেন, ঢাকা-বরিশাল নৌপথের হিলার দুটি স্থান এবং ভাষানচর, বাগদী, চরমোনাই, ঝুনাহার এলাকায় পানি কম। এর মধ্যে ভাষানচর এলাকায় নামমাত্র ড্রেজিং হয়েছে।বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, তারা পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া-চরজানাজাত, হরিণাঘাট-আলুবাজার, লাহারহাট-ভেদুরিয়া, ঢাকা-বরিশাল, পাটুরিয়া-বাঘাবাড়ী এবং বরিশাল-পটুয়াখালী নৌপথকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। নিজস্ব ব্যবস্থাপনায় সম্ভব না হওয়ায় পানি উন্নয়ন বোর্ড এবং বেসরকারি সংস্থার মাধ্যমে তারা প্রতিবছর ৩৭ লাখ ২০ হাজার ঘনমিটার মাটি খনন করে তুলে নৌপথ সচল রাখছে।লঞ্চমালিক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, বিআইডব্লিউটিএ ভুল তথ্য দিচ্ছে। খননকাজ যথাযথভাবে না হওয়ায় ঢাকা-বরিশাল নৌপথের ভাষানচর, চর নান্দাই এবং আলুবাজার এলাকায় প্রতিনিয়ত লঞ্চ আটকে যায়।বরিশাল লঞ্চমালিক সমিতির আহ্বায়ক আজিজুল হক বলেন, বরিশাল সদর উপজেলার লাহারহাট খাল দিয়ে আগে সহজেই লঞ্চ ভোলা সদর, লালমোহন, পটুয়াখালীর বাউফলের কালাইয়া, বাহেরচরসহ বিভিন্ন স্থানে চলাচল করত। আট বছর ধরে এ খালটি প্রায় অচল। নামমাত্র ড্রেজিং করার কিছুদিন পর খালটিতে আবার পলি পড়ায় লঞ্চ চলাচল করতে সমস্যা হয়।পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে গবেষণা কাজে নিয়োজিত নদী বিশেষজ্ঞ এ টি এম কামরুল হোসাইন বলেন, বাংলাদেশে নদীর যে বৈচিত্র্য, তাতে নাব্যতা ঠিক রাখতে যথেষ্ট ড্রেজার নেই। কমপক্ষে ২০-২৫টি ড্রেজার থাকলে এত সমস্যায় পড়তে হতো না।নৌপরিবহনসচিব মো. আবদুল মান্নান হাওলাদার বলেন, দেশের নৌপথ সচল রাখতে কমপক্ষে ২০ থেকে ২৫টি ড্রেজার প্রয়োজন। নতুন তিনটি নতুন ড্রেজার কেনা হয়েছে। আরও সাতটি ড্রেজার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।