নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকায় খনন শেষ হলে মংলা বন্দর আরও গতিশীল হবে এবং জাহাজ চলাচল বাড়বে। এ জন্য ১২৬ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কাজ শিগগির শুরু হবে, যা ২০১৪ সালের জুনের মধ্যে শেষ হবে।গতকাল শুক্রবার সকালে খুলনা সার্কিট হাউসে মংলা বন্দর উপদেষ্টা কমিটির সভায় নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম এ কে আজাদ, খুলনা রেঞ্জ ডিআইজি মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় মন্ত্রী জানান, দেশের ৫৩টি নৌপথের মধ্যে ৩৬টির খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর খনন সম্পন্ন হলে খুলনা-ঢাকা স্টিমার সার্ভিসসহ অন্যান্য নৌ-যোগাযোগ আবার চালু হবে। সভায় খুলনা কাস্টম হাউস, বিভিন্ন ব্যাংক, শিপিং করপোরেশন কার্যালয়, বিভিন্ন ইনস্যুরেন্স, বিএসটিআইয়ের কার্যালয় মংলায় স্থানান্তার, মংলা বন্দর দিয়ে সরকার-নির্ধারিত খাদ্যশস্যের ৪০ শতাংশ আমদানি অব্যাহত রাখা, কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানো, বন্দরের অবৈধ দখলদারদের অবিলম্বে উচ্ছেদ এবং মাল্টিপারপাস জেটি ও কনটেইনার জেটি নির্মাণের সিদ্ধান্ত হয়। এ ছাড়া রামপাল-ঘষিয়াখালী চ্যানেল খননের বিষয়ে আলোচনা হয়। সভার আগে নৌপরিবহনমন্ত্রী খুলনা নৌবন্দর ও রুজভেল্ট জেটি পরিদর্শন করেন।