বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়ায় কালাবদর নদীতে ডুবে যাওয়া একটি কার্গো উদ্ধারের নামে চলা খননকাজ বন্ধে পুনরায় নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সরকারি অনুমতি না নেওয়ায় এবং জনবসতিপূর্ণ এলাকার ক্ষতির কথা বিবেচনায় নিয়ে গত বুধবার পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস ওই নির্দেশ দেন।২২ বছর আগে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে জামসেদ আলমসহ কয়েকজন ওই এলাকায় খননকাজ চালাচ্ছিলেন। এ নিয়ে গত ১ নভেম্বর প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তর তাঁদের কাজ বন্ধের জন্য নোটিশ দেয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমিনউদ্দিনও খননকাজ এবং খননকাজে ব্যবহূত যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু এর পরও ওই নির্দেশ অমান্য করে তাঁরা খনন চালাচ্ছিলেন।সুকুমার বিশ্বাস বলেন, ‘আমরা ইতিপূর্বে খননকাজ বন্ধ করার জন্য নোটিশ দিয়েছিলাম। ওই সময় কাজ বন্ধ হলেও পুনরায় কাজ শুরু করেন তাঁরা।’১৯৯০ সালের ফেব্রুয়ারিতে এমভি বায়েজিদ নামের একটি মালবাহী কার্গো কালাবদর নদীর পাতাবুনিয়ায় ডুবে যায়। কার্গোটি না তোলায় ধীরে ধীরে আশপাশের বিস্তীর্ণ এলাকায় চর জেগে ওঠে। ইতিমধ্যে জামসেদ আলমসহ কয়েকজন আশপাশের প্রায় ১১ একর জমি খনন করে ফেলেছেন। এতে অনেক আবাদি জমি নষ্ট হয়ে গেছে।