খননকাজ ১০ মাস বন্ধ, পলি পড়ায় ভিড়ছে না জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জেটিমুখে টানা ১০ মাস ধরে খননকাজ বন্ধ রয়েছে। এতে করে সেখানে পলি জমে একাকার হয়ে গেছে। জেটিমুখে পানির গভীরতা ক্রমশ কমে যাওয়ায় ভেড়ানো যাচ্ছে না স্বাভাবিক আকারের জাহাজ। বন্দরের অন্তত দুটি জেটিতে ইতিমধ্যে এই সমস্যা শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, পলি জমার কারণে গত তিন মাসে বন্দরের ২ নম্বর জেটিতে জাহাজ ভেড়ানো হয়েছে মাত্র একটি। ওই জাহাজটির ড্রাফট (জাহাজের পানির অংশের গভীরতা) ছিল সাড়ে ৪ মিটার। ৩ নম্বর জেটিতেও স্বাভাবিক ড্রাফটের জাহাজ ভেড়ানো যাচ্ছে না। অথচ আগে বন্দরের এসব জেটিতে সাধারণত সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো হতো। শিগগিরই খননকাজ শুরু না হলে এ দুটির পাশাপাশি অন্যান্য জেটিমুখেও পলি জমে জাহাজ ভেড়ানো বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
তবে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উজানে থাকা জেটিগুলোর সামনে পানির গভীরতা এমনিতেই কম। তবে নিয়মিত খননকাজ বন্ধ থাকায় কিছু পরিমাণ পলি জমেছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে খননকাজের কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছে। এ-সংক্রান্ত একটি ফাইল অনুমোদন দিয়েছি। শিগগিরই কার্যাদেশ দেওয়া হলে কাজ শুরু হবে।’
বন্দর সূত্রে জানা গেছে, গত বছরে ১৬ ডিসেম্বরের পর থেকে বন্দরের মূল জেটিগুলোর সামনে কোনো খননকাজ হয়নি। এ সময় খননকাজের জন্য গত জানুয়ারি থেকে দরপত্র প্রক্রিয়া শুরু করে হাইড্রোগ্রাফি বিভাগ। কিন্তু দুই দফায় দরপত্র আহ্বান করার পর দর বেশি পড়ায় পুনঃ দরপত্র আহ্বান করা হয়। তৃতীয় দফায় গত আগস্টে দরপত্র জমা নেওয়া হলেও এখনো প্রক্রিয়া শেষ করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।
জেটির সামনে পলি জমে ভরাট হতে থাকায় গত ২৫ অক্টোবর পরিবহন বিভাগ থেকে হাইড্রোগ্রাফি বিভাগের প্রধানের কাছে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, হাইড্রোগ্রাফি বিভাগের চার্ট অনুযায়ী ২ ও ৩ নম্বর বার্থের ড্রিফট ছিল ৮ দশমিক ৫৫ মিটার। অথচ ছয় মাস ধরে এই দুটি বার্থে ৬ থেকে ৭ মিটারের বেশি গভীরতার জাহাজ ভেড়ানো যাচ্ছে না।
বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগ সূত্রে জানা গেছে, বন্দরের উজানে ২, ৩ ও ৪ নম্বর জেটিতে পলি জমেছে ২ থেকে ৩ মিটার পর্যন্ত। ২ নম্বর জেটির সামনে পানির গভীরতা কমে দাঁড়িয়েছে সর্বনিম্ন ৩ দশমিক ৪ মিটার থেকে সর্বোচ্চ ৬ দশমিক ৭ মিটার। ৩ নম্বর জেটির সামনে পানির গভীরতা ৩ দশমিক ৩ মিটার থেকে ৬ দশমিক ৯ মিটার এবং ৪ নম্বর জেটির সামনে ৫ মিটার থেকে ৭ দশমিক ৮ মিটার।
গত রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ২ নম্বর জেটিতে অলস রাখা হয়েছে চট্টগ্রাম-পানগাঁও রুটে চলাচলকারী এমভি পানগাঁও এক্সপ্রেস নামের কনটেইনার পরিবহনকারী জাহাজ। পরের জেটিতে পণ্য খালাসে নিয়োজিত আছে একটি লাইটার জাহাজ। অর্থাৎ সমুদ্রগামী কোনো জাহাজ দেখা যায়নি জেটি দুটির সামনে। গতকাল মঙ্গলবারও বন্দরের তালিকায় দেখা যায়, এই দুটি জেটিতে কোনো জাহাজ নেই।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে সাধারণ পণ্য ওঠানো-নামানোর জেটি রয়েছে মোট ছয়টি। এ ছাড়া কনটেইনার ওঠানো-নামানোর জেটি রয়েছে ১৩টি। জেসিবি এলাকায় ১২টি, সিসিটিতে দুটি ও এনসিটিতে পাঁচটি জেটির সামনে থেকে প্রতিবছর ৭০ হাজার ঘনমিটার বালুমাটি অপসারণ করা হয়। দরপত্রের মাধ্যমে এই অপসারণের ব্যবস্থা নেয় বন্দর কর্তৃপক্ষ। কিন্তু গত ১০ মাস ধরে অপসারণ কাজ বন্ধ থাকায় আগামী এক বছরে এক লাখ ঘনমিটারের বেশি পলি অপসারণ করতে হবে বলে ধারণা করছেন বন্দর কর্মকর্তারা।
বন্দরের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম শাহজাহান প্রথম আলোকে বলেন, ২ থেকে ৪ নম্বর বার্থে পলি জমার হার বেশি। তবে খননকাজ শুরু হলে দুই-তিন মাসের মধ্যে পানির গভীরতা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে।