খননযন্ত্র ও বালুবাহী নৌযান জব্দ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০টি খননযন্ত্র ও বালুবাহী নৌযান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দক্ষিণ হালিশহরের খেজুরতলা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পুনর্বাসন প্রকল্পের ভূমি ভরাট করা হচ্ছিল।
বন্দর কর্মকর্তারা জানান, বালু উত্তোলনের কারণে প্রস্তাবিত বে টার্মিনালের স্রোত প্রতিরোধক-ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরের অনুমতি ছাড়া বন্দরে জাহাজ চলাচলের পথ ও আশপাশের এলাকায় বিনা অনুমতিতে খনন করার সুযোগ নেই।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, আটক ১৪ জন শ্রমিককে জরিমানা করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। খননযন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই অভিযানে কর্ণফুলী চ্যানেলে ১১টি নৌযানকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাহাজ চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি, অতিরিক্ত পণ্যবোঝাইসহ নানা অপরাধে এই জরিমানা করা হয়।