খননযন্ত্র দিয়ে পাথর তোলা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খননযন্ত্র দিয়ে নদী-তীরবর্তী ও খাসজমি থেকে পাথর তোলা বন্ধের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলা পরিবেশ রক্ষা আন্দোলন ও পাথর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।সঞ্চারকলিপিতে বলা হয়, হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়া উপজেলাটি ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রতিনিয়ত খননযন্ত্র দিয়ে পাথর তোলায় এখানে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। আইন অমান্য করে স্থানীয় প্রশাসন ও কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক নেতার সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে কয়েক শ খননযন্ত্র দিয়ে ভূগর্ভস্থ পাথর তোলা হচ্ছে। এর ফলে একদিকে এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিকম্প, ভূমিধসসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। এসব সমতল ভূমি থেকে পাথর তোলার ফলে আবাদি কৃষিজমি অনুর্বর হয়ে পড়ছে। সম্প্রতি উপজেলার সিকিমে ঘটে যাওয়া ৬ দশমিক ৯ রিখটার স্কেলের ভূমিকম্পে উপজেলার ঘরবাড়ি ও দালানকোঠার ব্যাপক ক্ষতি হয়। ভূ-তাত্ত্বিকদের মতে, যেকোনো সময় এই অঞ্চলে বড় আকারের ভূমিকম্প হতে পারে বলে সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়। পরে চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবদুল হাফেজের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় খননযন্ত্র দিয়ে পাথর তোলা হচ্ছে বলে অভিযোগ করেন।