খননযন্ত্র দিয়ে মাটি উত্তোলন ঝুঁকিতে মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পাশ থেকে খননযন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। এতে আশপাশের জমি ও মহাসড়কটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মুন্সিরহাট এলাকায় ওই মহাসড়কের ১০ মিটার দূরের একটি জমিতে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। সেখান থেকে পাইপ দিয়ে ৩০০ গজ দূরের জমিতে মাটি ফেলা হচ্ছে। এভাবে মাটি উত্তোলন করায় মহাসড়কের পাশের ওই জমিতে বড় গর্ত সৃষ্টি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় রাজিউর রহমান ওরফে রাজু নামের এক ব্যক্তি ওই মাটি তুলছেন। রাজিউর সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তাঁর মালিকানাধীন একটি নিচু জমি ভরাটের জন্য তিনি নীলফামারী থেকে ওই খননযন্ত্র ভাড়া করে আনেন। এরপর ওই খননযন্ত্র দিয়ে তিনি কয়েক দিন ধরে মাটি উত্তোলন করছেন।
মাটি খননের কাজে ব্যস্ত শ্রমিক শামীম ইসলাম গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘ওই খননযন্ত্রের মালিক প্রতি হাজার ঘনমিটার বালু তোলার জন্য তিন হাজার টাকা করে নিচ্ছেন। পাঁচ দিন ধরে মাটি তোলা হচ্ছে। জমিটি ভরাট হতে আরও পাঁচ থেকে সাত দিন লাগতে পারে। আমাদের টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে। তাঁরা যেখান থেকে আমাদের মাটি কাটতে বলবেন, সেখান থেকেই কাটব।’
মুন্সিরহাট গ্রামের বাসিন্দা খোরশেদ আলম বলেন, ‘যন্ত্র দিয়ে রাস্তার পাশের মাটি তোলা ঠিক নয়। এতে রাস্তা ও আশপাশের জমি ধসে যেতে পারে।’
এ ব্যাপারে জানতে চাইলে রাজিউর রহমান বলেন, ‘মাপজোখ করে আমার জমির সীমানা থেকে আরও কয়েক ফুট জায়গা ছেড়ে মাটি তোলা হচ্ছে। আমার জমিতেই শ্যালো যন্ত্র বসিয়ে মাটি তোলা হচ্ছে। এতে মহাসড়ক কেন, কোনো জমিরও ক্ষতি হবে না।’
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঠাকুরগাঁও কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শাহরীয়ার শলীফ খান বলেন, ‘মহাসড়কের পাশ থেকে মাটি উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। ব্যক্তিমালিকানার জমি হলেও মহাসড়কের পাশ থেকে যদি ড্রেজার (খননযন্ত্র) দিয়ে মাটি উত্তোলন করা হয়, তাহলে সড়কটি ঝুঁকির মধ্যে থাকবে। এমনকি ধসেও যেতে পারে।’
ইউএনও মো. আশরাফুল ইসলাম গত শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়ক ধসের আশঙ্কা থাকলে যিনি খননযন্ত্র দিয়ে মাটি তুলছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।