খননে মিলছে আড়াই হাজার বছর আগের নিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই হাজার বছর আগে বিলুপ্ত সভ্যতার নিদর্শন খুঁজে পেতে ‘পুণ্ড্রনগরী’ খ্যাত বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননকাজ চলছে। গত ১ জানুয়ারি থেকে এ কাজ শুরু হয়। এর মধ্যেই বেরিয়ে এসেছে ওই সভ্যতার নানা নিদর্শন ও মূল্যবান প্রত্নসামগ্রী।
১ জানুয়ারি থেকে শুরু হওয়া খনন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবার মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় খননকাজ চালাচ্ছে। ১৯২৮ সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ কে এন দীক্ষিত বৈরাগীর ভিটায় প্রথম খননকাজ চালিয়ে দুটি মন্দিরের সন্ধান পেয়েছিলেন। ৮৯ বছর পর বৈরাগীর ভিটার প্রত্ন রহস্য উন্মোচনে নতুন করে খননকাজ চলছে ওই মন্দিরকে কেন্দ্র করেই।
খননকাজের মাঠ পরিচালক এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার নেতৃত্বে খননকাজ চলছে। এর মধ্যে সন্ধান মিলেছে গুপ্ত আমলের প্রাচীন মন্দিরের ঘর্ভাগৃহ ও প্রাচীন স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ, দুর্গনগরীর প্রাচীন দেয়াল, গুপ্ত ও পাল আমলের পোড়ামাটির ফলক, নর্দান ব্ল্যাক পলিশড ওয়্যারের বিশেষ ধরনের উত্তরাঞ্চলীয় কালো মৃৎপাত্রের টুকরা, মাটির বল, গুটিকা, টেরাকোটার ইট ফলক, পোড়ামাটির তৈজসপত্র, মাটির প্রদীপসহ নানা নিদর্শন।
নাহিদ সুলতানা প্রথম আলোকে বলেন, এবারের খননে প্রাচীন স্থাপত্যকাঠামো ও দুর্গনগরীর দেয়াল আড়াই হাজার বছর আগে বিলুপ্ত সভ্যতার দুর্লভ নিদর্শন। এখানে পাওয়া নর্দান ব্ল্যাক পলিশড ওয়্যারের বিশেষ ধরনের মৃৎপাত্র এতটা দুর্লভ যে এই নিদর্শন পুণ্ড্রনগরী ছাড়া অন্য কোথাও মেলেনি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, গত বছর বৈরাগীর ভিটার পাশের ফ্রান্স মাঠে পরিচালিত খননেও খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীর প্রাচীন স্থাপত্য নিদর্শনসহ মূল্যবান নানা প্রত্নসামগ্রী মিলেছিল। তখনই ধারণা করা হয়েছিল, গোবিন্দভিটায় লুকিয়ে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিশাল ভান্ডার। এ কারণে এবার আরও বড় পরিসরে খনন চলছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নথি সূত্রে জানা গেছে, ১৯২৮-২৯ সালে মহাস্থানগড়ের বৈরাগীর ভিটা, গোবিন্দভিটা ও মুনিরঘোন নামে তিনটি স্থানে প্রথম খননকাজ পরিচালনা করা হয়। এরপর ষাটের দশকে আরেক দফা খননকাজ চলে। ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ধারাবাহিক খননকাজ চলে। ১৯৯২ সাল থেকে বাংলাদেশ-ফ্রান্স সরকারের যৌথ চুক্তির আওতায় প্রতিবছরই খননকাজ পরিচালিত হচ্ছে।
১৫ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, দুর্গনগরীর জাহাজঘাঁটি থেকে দক্ষিণ-পশ্চিমে বৈরাগীর ভিটায় খননকাজ চলছে। খননকাজ তদারকির দলে রয়েছেন মহাস্থান জাদুঘরের কাস্টডিয়ান মজিবর রহমান, সহকারী কাস্টডিয়ান মো. যায়েদ, জ্যেষ্ঠ ড্রাফটসম্যান আফজাল হোসেন, আলোকচিত্রী আবুল কালাম আজাদ।
প্রত্নতত্তবিদেরা বলছেন, ১৯২৮ সালে প্রথমবার চালানো খননে বৈরাগীর ভিটার পাশে গোবিন্দভিটায় ষষ্ঠ শতক থেকে তুর্কি বংশীয় সুলতানি আমল পর্যন্ত চারটি নির্মাণ স্তরের সন্ধান মিলেছিল। সবচেয়ে ওপরের স্তরটি ছিল সুলতানি আমলের। ওই সময় যেসব অলংকার, মুদ্রা ও নিদর্শন মিলেছিল, তা দেখে প্রত্নতাত্ত্বিক গবেষকেরা ধারণা করেছিলেন যে গোবিন্দভিটা আসলে প্রাচীন যুগের উপসামুদ্রিক নৌবন্দর এবং বিদেশজাত শৌখিন পণ্যের বাজার ছিল। এখানে পাওয়া ধাতব মুদ্রাগুলো লখনৌতির স্বাধীন সুলতান শামছুদ্দিন ইলিয়াস শাহ (১৩৫৭ খ্রিষ্টাব্দ) থেকে শামছুদ্দিন ইউসুফ শাহ (১৪৮০ খ্রিষ্টাব্দ) পর্যন্ত সময়ে মুদ্রিত ছিল।
নতুন রূপে মহাস্থানগড়
মূল কাঠামো ও প্রত্ননিদর্শন ঠিক রেখে মহাস্থানগড়ের দুর্গপ্রাচীরের ধ্বংসাবশেষ সম্প্রতি সংস্কার করা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে নতুন অবকাঠামো। সাউথ এশিয়া ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সংস্কারকাজ শেষ হয়েছে গত ডিসেম্বরে। এতে নতুন রূপ পেয়েছে মহাস্থানগড়। প্রাণ পেয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। বদলে গেছে জাদুঘরের ফটকসহ সামনের অংশ। নতুন করে সংযোজিত হয়েছে খাবারের রেস্তোরাঁ, বনভোজনের স্থান, শৌচাগার, ডরমিটরি, গাড়ি পার্কিং চত্বর, আনসার ক্যাম্প, দর্শনার্থীদের বসার আসনসহ নানা সুযোগ-সুবিধা। দুর্গের মূল ফটকে সংযোজন করা হয়েছে কাঠের সিঁড়িপথ।