খননের অভাবে মৃত্যুপথে সোনাইছড়ি খাল
খনন না করায় মরে যাচ্ছে কুমিল্লার গোমতী নদীর অববাহিকায় অবস্থিত সোনাইছড়ি খাল। সাত বছর ধরে ওই খাল সংস্কার করা হচ্ছে না। ফলে জেলার পাঁচ উপজেলার কৃষক সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় সাড়ে চার হাজার হেক্টর এলাকা বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচসুবিধার আওতায় আসবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে কুমিল্লা-পদ্ধতির জনক ও বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান সোনাইছড়ি সেচ প্রকল্প শুরু করেন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর কটকবাজার মুখ থেকে সদর দক্ষিণ উপজেলার টঙ্গীরপাড় এলাকা পর্যন্ত সোনাইছড়ির মূল খাল। আখতার হামিদ খান ওই সময়ে গোমতী নদী থেকে পানির ব্যবস্থা করে কুমিল্লা অঞ্চলে কৃষিবিপ্লব শুরু করেন। পরে পাউবো ওই খালের উন্নয়নের জন্য অর্থায়ন করে আসছে। কালক্রমে সোনাইছড়ি খালে পানির প্রবাহ কমে যায়। নিয়মিত খনন না করায় ওই খাল নাব্যতা হারায়। সোনাইছড়ি খালের ১৭ দশমিক ৫০ কিলোমিটার ও বেড়িবাঁধের ১১ কিলোমিটারসহ মোট ৩৮ দশমিক ৫০ কিলোমিটার এলাকা সংস্কার না হওয়ায় বর্তমানে কৃষকেরা ভোগান্তিতে রয়েছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে ওই খালের কটকবাজার, চৌয়ারা, ভুবনপুর, টঙ্গীরপাড়, মাটিয়ারা, চাষাপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, খালে প্রচুর কচুরিপানা। মাটিয়ারা এলাকায় খালের মাঝখানে চর জেগেছে। চাষাপাড়া এলাকায় খালের পাড় কেটে মাটি চুরি করছে একটি চক্র। বেড়িবাঁধের অবস্থাও খারাপ।
মাটিয়ারা ও চাষাপাড়া এলাকার একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে খালটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তৎকালীন ক্ষমতাসীনরা ওই টাকা লুটপাট করে। তখন এক পয়সার কাজও হয়নি।
২০০৭ সালে কুমিল্লা পাউবোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. খোরশিদ আলম তাঁর এক প্রতিবেদনে উল্লেখ করেন, গোমতী নদীর উজানে ভারতীয় অংশে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং সেচের জন্য খাল ও পাম্পিং প্ল্যান্ট নির্মাণ করে ভারত। ওই কারণে মূল গোমতী নদীর পানির প্রবাহ অস্বাভাবিকভাবে কমে যায়। এতে করে কটকবাজার রেগুলেটরের মাধ্যমে সোনাইছড়ি খালে সেচ সরবরাহ অপ্রতুল হয়ে পড়ে। এ অবস্থায় ওই খালের আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ সেচসুবিধা থেকে বঞ্চিত হয়। তাই গোমতী নদীর বাঁধের কটকবাজার এলাকায় পানি নিচের স্তর থেকে ওপরে ওঠাতে একটি পাম্পিং প্ল্যান্ট স্থাপন দরকার।
জানতে চাইলে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, ২০০৮ সালের মে মাসে ওই প্রকল্পের জন্য বিশ্বব্যাংক প্রায় আট কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বিশ্বব্যাংক প্রকল্পের অর্থ বরাদ্দ স্থগিত করে। একই সঙ্গে ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দেয়। এর পরিপ্রেক্ষিতে পাউবো ওই ছয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ৩০ জুন পর্যন্ত বিশ্বব্যাংকের কাজে কালোতালিকাভুক্ত করে। পাউবো ওই কাজের জন্য প্রকল্প পুনরুজ্জীবিত করছে। প্রকল্পটি বাস্তবায়ন না হলে সোনাইছড়ি খাল পুরোপুরি মরে যাবে।