মানিকগঞ্জে মৃতপ্রায় ধলেশ্বরী নদী খননের দাবিতে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এলাকাবাসীর পাশাপাশি পরিবেশবাদী বিভিন্ন সংগঠন আন্দোলন-সংগ্রাম করছে। যদিও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নদীটি পরিদর্শন করে এটি খননে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সাড়ে চার মাস হয়ে গেলও নদী খননে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার সাটুরিয়া, সদর ও সিঙ্গাইর—এই তিনটি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ধলেশ্বরী। এসব উপজেলার সহস্রাধিক একর জমির কৃষিকাজে এই নদীর পানি ব্যবহৃত হতো। মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই নদী স্বাভাবিকতা হারিয়েছে। নদীতে পানি না থাকায় কৃষি ও কৃষকের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এই নদী খনন বাস্তবায়নের জন্য ‘ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি’ গঠন করা হয়েছে।
আন্দোলন কমিটির একাধিক সদস্য জানান, যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। টাঙ্গাইলের উত্তর প্রান্তে যমুনা নদী থেকে এর উৎপত্তি। এরপর এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দক্ষিণের অংশটি কালীগঙ্গা ও উত্তরের অংশটি ধলেশ্বরী। এরপর ধলেশ্বরী সাটুরিয়ার তিল্লী হয়ে জেলা সদর ও সিঙ্গাইরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ঢাকার বুড়িগঙ্গায় মিলেছে। নদীর উৎসমুখ সাটুরিয়ার তিল্লী থেকে জেলা সদরের জাগীর পর্যন্ত ১০ কিলোমিটার খনন করা হলে নদীটি স্বাভাবিক গতি পাবে। এ কারণে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ পরিবেশবাদী সংগঠনগুলো নদী খননের দাবিতে আন্দোলন করছে।
গত ৩০ সেপ্টেম্বর পরিবেশবাদী বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নদী রক্ষায় গণসমাবেশ করে ওই আন্দোলন কমিটি। এতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এই সমাবেশ থেকে সবার সম্মতির ভিত্তিতে নদীর ওই ১০ কিলোমিটার অংশ খননের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
জেলা প্রশাসন ও ওই কমিটি সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম নদীর তিল্লী এলাকা পরিদর্শন করেন। এ সময় বাপা ও পবার কেন্দ্রীয় নেতারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় কমিশনের চেয়ারম্যান বলেছিলেন, ধলেশ্বরী নদী খনন করা হলে সহজেই যমুনার পানি ঢাকার বুড়িগঙ্গায় নেওয়া সম্ভব। এ কারণে এই নদী খননের উদ্যোগ নেওয়া হবে। ১০ কর্মদিবসের মধ্যে জরিপ দল গঠন করে জরিপকাজ শুরু হবে। কিন্তু এখনো জরিপ দল গঠন করা হয়নি।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, তিল্লী এলাকায় নদীর উৎসমুখ পলি পড়ে ভরাট হয়ে গেছে। নদীতে পানি না থাকায় এই এলাকার আশপাশের জমিতে তামাক ও ভুট্টা চাষ করা হয়েছে। জাগীর এলাকায় নদীর কোথাও কোথাও বোরো আবাদ করা হচ্ছে।
আন্দোলন কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলাম জানান, খনন করে নদীতে পানির ব্যবস্থা করা হলে পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও সহস্রাধিক ফসলি জমি পানি সেচের আওতায় আসবে। তাই নদীটি খনন এলাকাবাসীর প্রাণের দাবি। কিন্তু খনন কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগের অভাব রয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানান, জেলার কৃষি ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় নদীটির খনন জরুরি। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে সরকারের নীতিনির্ধারণ ফোরামই সিদ্ধান্ত নিতে পারে।