খননের নামে ঘাস পরিষ্কার বিক্ষোভের মুখে কাজ বন্ধ
বরিশালের উজিরপুর উপজেলায় চারটি খাল পুনঃখননের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। খালের দুই পাশের ঘাস পরিষ্কার করে নামমাত্র খনন শুরু করায় স্থানীয়দের বিক্ষোভের মুখে উপজেলা প্রকৌশলী ওই কাজ বন্ধ করে দিয়েছেন।
এলজিইডি কার্যালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরিশাল সেচ অবকাঠামো মেরামত ও সংরক্ষণ প্রকল্পের অধীনে ২০১৪-১৫ অর্থবছরে উজিরপুর উপজেলার মাদারশী করের খাল, ইসলাদি গুপ্তের খাল, শের-ই-বাংলা কলেজ থেকে তারাবাড়ি (ডাক্তারবাড়ির) খাল, আঁটিপাড়া থেকে জয়শ্রী ঠান্ডাবিবির খালের ১২ দশমিক ৯০ কিলোমিটার অংশ পুনঃখননের জন্য প্রকল্প অনুমোদন করে। প্রকল্প বাস্তবায়নে ৯৫ লাখ ৭ হাজার ৭৫৮ টাকা বরাদ্দ করা হয়। প্রকল্প বাস্তবায়ন করছেন উজিরপুর-শিকারপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মিলন হোসেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে ৩১ মার্চ শিকারপুর শের-ই-বাংলা ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে খাল খননকাজের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস।
উজিরপুরের শিকারপুর ইউপি সদস্য আবু হানিফ হাওলাদার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নান্নু সিকদার ও উজিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহরাব মালিক জানান, ইউনিয়নের চারটি খাল ভরাট হয়ে যাওয়ায় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ খাল খননের উদ্যোগ নেন। খাল খননের ওপর ইউনিয়নের ৩০ হাজার কৃষক পরিবারের ভাগ্য নির্ভরশীল। চলতি বছর সেচসংকটে এলাকার অধিকাংশ কৃষক বোরোর চাষ করতে পারেননি।
তাঁরা অভিযোগ করেন, মিলন হোসেন প্রকল্প বাস্তবায়নের নামে চরম দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে খননকাজ শুরু করেছেন। ১ এপ্রিল ডাক্তারবাড়ি খাল খননকাজ করতে গিয়ে শ্রমিকেরা খালের দুই পাশের ঘাস চেঁছে পরিষ্কার করেন এবং দুই পাশের ঢালের মাটি চেঁছে সমান্তরাল করে খালের মধ্যে ফেলেন। তাঁরা খালটি গভীর করার পরিবর্তে আরও ভরাট করেন। এতে স্থানীয় কৃষক ও এলাকাবাসী খননকাজে বাধা দেন। প্রকল্প বাস্তবায়নকারী মিলন ওই স্থানে কাজ বন্ধ রেখে গুপ্তের খালে একইভাবে খননকাজ শুরু করেন। সেখানে এলাকাবাসী কাজে বাধা দেন।
৩ এপ্রিল কৃষক ও এলাকাবাসী উজিরপুর উপজেলা প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ দেন। কর্তৃপক্ষ কাজ বন্ধ না করায় গত সোমবার কয়েক শ মানুষ বিক্ষোভ করে খননকাজে বাধা দেন এবং প্রকল্প বাস্তবায়নকারী মিলন হোসেন ও প্রকল্প তদারককারী এলজিইডির কর্মকর্তাদের লাঞ্ছিত করেন।
এলজিইডির উজিরপুর উপজেলা প্রকৌশলী মো. ইউনুচ আলী বলেন, সাধারণ কৃষক ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে খননকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।