খননের নামে লুটপাট
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মৎস্য বিভাগের তিনটি জলমহাল পুনঃখননে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পুকুরের তলদেশ গভীর না করে যেনতেনভাবে পুনঃখনন করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, তিনটি জলাশয় পুনঃখননের জন্য ১৭ লাখ টাকা বরাদ্দ হলেও পাঁচ থেকে ছয় লাখ টাকার কাজ হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির পানিতে পুকুর ভরে গেছে। মাটি কাটার আর সুযোগ নেই।
উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, প্রতিবছর জলাশয়ের তলায় সামান্য মাটি কেটে প্রকল্পের কর্মকর্তারা বৃষ্টির অপেক্ষায় থাকেন। বৃষ্টিতে পুকুর ভরে গেলে সম্পূর্ণ মাটি কাটা হয়েছে বলে গোঁজামিল দিয়ে তাঁরা বাকি টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেন।
সাদুল্যাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, নিয়মানুযায়ী খননকাজ হচ্ছে। তবে খননকাজ তদারকের দায়িত্ব জেলা মৎস্য প্রকৌশল বিভাগের।
জেলা মৎস্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহজাহান মিয়া বলেন, ‘টাকা ভাগ-বাঁটোয়ারার অভিযোগ ভিত্তিহীন। খননকাজে যাতে অনিয়ম না হয়, সে জন্য সার্বক্ষণিক তদারকি করছি।’
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর সরোবরো আইডিয়াল ট্যাংক পুকুর ও হামিন্দপুর মরা ঘাঘট নদী এবং ইদিলপুর ইউনিয়নের চেরেংগা জলমহাল পুনঃখননের কাজ চলছে। অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মৎস্য বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে সরোবরোর জন্য আট লাখ, মরা ঘাঘট নদীর জন্য চার লাখ ও চেরেংগা জলমহালের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ হয়। চলতি বছরের ১৫ মার্চ শুরু হয়ে আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ২৮ এপ্রিল পর্যন্ত সরোবরো ৪৫ শতাংশ, মরা ঘাঘট নদী ৯০ ও চেরেংগা জলমহালের ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
গত ২২ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, ৪ দশমিক ৭৩ একরের সরোবরো পুকুরের তলদেশে গড়ে এক ফুট গভীর খনন হয়েছে। নিয়মানুযায়ী পুকুরের তলদেশে ৭৫০ ফুট দৈর্ঘ্য, ১৪০ ফুট প্রস্থ ও আড়াই ফুট গভীর করে খনন করার কথা ছিল। প্রায় একই অবস্থা অন্য দুটি জলাশয়েরও।
জয়েনপুর গ্রামের স্কুলশিক্ষক দিলীপ কুমার সাহা বলেন, ‘পুকুরের পাশেই আমার বাড়ি। গত মাসে ২৭-২৮ জন শ্রমিক দিয়ে কয়েক দিন মাটি কেটে কাজ বন্ধ রাখা হয়। ২৭ এপ্রিল রাতের বৃষ্টিতে পুকুরের অর্ধেক পানিতে ডুবে গেছে। এ পর্যন্ত যে কয়েকজন শ্রমিক কাজ করেছেন, তাঁদের মজুরি এক লাখ টাকার বেশি হবে না।’
বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কাজের দলনেতা ফজলুল কাইয়ুম বলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী ও দামোদরপুর ইউপির সচিব আফলাক হোসেন এই প্রকল্পের বরাদ্দ আনেন। কাজ শেষে লাভের অংশ মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হবে।
তবে আফলাক হোসেন বলেন, সময় আছে, নিয়মানুযায়ী কাজ করা হবে।
এ ছাড়া হামিন্দপুর পুকুরটি ৫৫০ ফুট দৈর্ঘ্য, ১২০ ফুট প্রস্থ ও পৌনে তিন ফুট গভীর করার কথা। হামিন্দপুর গ্রামের চাকরিজীবী জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত যে পরিমাণ মাটি কাটা হয়েছে, তার গভীরতা এক ফুট, দৈর্ঘ্য ৪০০ ফুট ও প্রস্থ ৯০ ফুটের বেশি হবে না। দলনেতা দিলীপ কুমার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহারুল ইসলাম বরাদ্দ আনার কথা স্বীকার করে বলেন, নিয়ম মোতাবেক কাজ করা হবে।
চেরেংগা জলমহালটি এক হাজার ৪৮০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থে দুই ফুট গভীর করার কথা। কিন্তু চেরেংগা গ্রামের ব্যবসায়ী সাইদুর রহমান অভিযোগ করেন, গভীর এক ফুট, দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্থ ১০০ ফুটের বেশি হবে না। ইদিলপুর ইউপি সদস্য ও দলনেতা আইয়ুব মিয়া অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।