খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণ অবহেলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণ অবহেলিত অবস্থায় পড়ে আছে। অনেক খনিজ পদার্থ দেশে যথেষ্ট পরিমাণে থাকা সত্ত্বেও তা আহরণ করার কোনো উদ্যোগ নেই। দেশে এগুলোর ব্যবহার আছে বলে উচ্চমূল্যে আমদানি করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে আয়োজিত ‘জিও-আড্ডা’ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেছেন। সেমিনারে ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এবং কয়েকজন আগ্রহী ব্যক্তি অংশ নেন।
সেমিনারে ‘সৈকত বালুতে ভারী মনিক’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান ভূতত্ত্ববিদ ইউনূস আকন। তাতে তিনি বলেন, দেশের সমুদ্রসৈকত ও তার সন্নিহিত এলাকায় অন্তত ৪৩ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের ভারী মনিক রয়েছে। কিন্তু পরমাণুশক্তি কমিশন কয়েক দশক ধরে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্পের অধীনে মাত্র দুই হাজার টনের মতো আহরণ করেছে। সরকারিভাবে বাণিজ্যিক ভিত্তিতে এগুলো উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ইউনূস আকন বলেন, এসব ভারী মনিকের মধ্যে রয়েছে জিরকন, মোনাজাইট, রুটাল, ইলমেনাইট, গার্নেট প্রভৃতি। এসব মনিক প্লাস্টিক, কাগজ, রং, সিরামিক, টাইলস প্রভৃতি শিল্পের অপরিহার্য উপাদান।
আকন আরও বলেন, ভারতের ওডিশা, অন্ধ্র, তামিলনাড়ু রাজ্যের সৈকত থেকে প্রায় ৮০ বছর ধরে প্রতিবছর কয়েক লাখ টন এসব মনিক আহরণ করা হচ্ছে। দেশের প্রয়োজন মিটিয়ে ভারত এগুলো রপ্তানিও করে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত আহরণের উদ্যোগই নিতে পারেনি।
সেমিনারে সাংসদ তাজুল ইসলাম বিষয়টি নিয়ে নিবিড়ভাবে আলোচনার জন্য একটি উদ্যোগ নেওয়ার কথা বলেন। আলাপ-আলোচনা করে ভারী মনিক আহরণের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনারও আশা প্রকাশ করেন তিনি।
ভূতত্ত্ব বিভাগের সভাপতি সৈয়দ হুমায়ুন আখতারসহ বিভাগীয় শিক্ষকেরা প্রশ্ন ও মন্তব্যের মাধ্যমে সেমিনারে অংশ নেন। ভূতত্ত্ব বিভাগ প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ‘জিও-আড্ডা’ শীর্ষক একটি করে সেমিনারের আয়োজনের উদ্যোগ নিয়েছে। বদরূল ইমাম এর সমন্বয়ক। গতকাল ছিল আড্ডার পঞ্চম সেমিনার।