খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন পাসের দাবিতে জাতীয় কমিটির সমাবেশ
মডেল উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ২০০৮ বাতিল, পিএসসি ২০১১ বাস্তবায়নের প্রক্রিয়া বন্ধ, সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে দ্রুত গ্যাস উত্তোলন ও খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন পাসের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে কমিটির নেতারা এসব দাবি জানান।সমাবেশে নেতারা বলেন, গত বছর বাপেক্স সুনেত্র গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে। দ্রুত এই গ্যাসক্ষেত্র উন্নয়নের জন্য বাপেক্সকে সুযোগ দিলে চার বছরের মাথায় এখান থেকে গ্যাস পাওয়া সম্ভব। এতে গ্যাসসংকট তথা বিদ্যুৎসংকট কেটে যাবে। এ কাজের জন্য আগামী চার বছরে ৫০০ কোটি টাকার বেশি প্রয়োজন হবে না। নেতারা বলেন, গ্যাসসহ সব খনিজজাতীয় সম্পদের পূর্ণ তথ্য জনগণের কাছে থাকলে দেশের অর্থনীতির প্রয়োজনে গ্যাস তোলা নিশ্চিত হতো। শিল্প-কৃষিতে সুলভে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা যেত। গ্যাস রপ্তানির ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত থাকা যেত। এতে জ্বালানি নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত হতো বলে দাবি করেন নেতারা। সমাবেশে কমিটির ঢাকা মহানগর সমন্বয়ক জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স, খান আসাদুজ্জামান মাসুম, আবু বকর রিপন প্রমুখ।