দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে প্রস্তাবিত ‘খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন’ দ্রুত জাতীয় সংসদে পাসের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।এ ছাড়া পিএসসি ২০০৮, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি ও পিএসসি ২০১১-এর প্রক্রিয়া বাতিল এবং সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে জাতীয় সংস্থার মাধ্যমে গ্যাস তোলার দাবিও জানিয়েছে জাতীয় কমিটি। দেশের পাঁচ এলাকায় ঝটিকা সফরের শেষ দিনে গতকাল শুক্রবার বিভিন্ন সভা-সমাবেশে জাতীয় কমিটির নেতারা এসব দাবি জানান।সভা-সমাবেশে নেতারা বলেন, সরকার কনোকোফিলিপসের সঙ্গে এমন চুক্তি করেছে, যাতে গ্যাস রপ্তানির বিধানের পাশাপাশি ৮০ শতাংশ গ্যাস বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। তাঁরা দেশের স্বার্থবিরোধী এ চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৪-২৬ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে রোডমার্চ এবং ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভাসহ জাতীয় কমিটির পাঁচ মাসব্যাপী কর্মসূচি সফল করার আহ্বান জানান।ঢাকা-সুনামগঞ্জ রুটে সফররত নেতারা বেলা ১১টায় সুনামগঞ্জের অস্থায়ী প্রেসক্লাবে মতবিনিময় সভার মাধ্যমে তাঁদের সফর সমাপ্ত করেন। রহমান মিজানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, আবু জাফর আহম্মেদ, বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।ঢাকা-পটুয়াখালী রুটে সফরকারী দল বেলা ১১টায় ঝালকাঠি আইনজীবী সমিতি মিলনায়তনে আবদুল মান্নানের সভাপতিত্বে সুধী সমাবেশ ও বিকেল চারটায় বরিশাল টাউন হলের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ।ঢাকা-মংলা রুটে সফরকারীরা খুলনার পিকচার প্যালেসে মানববন্ধন ও মনোজ দাশের সভাপতিত্বে সুধী সমাবেশ এবং বিকেল তিনটায় বাগেরহাটে আলোচনা সভা করেন। বিকেল পাঁচটায় মংলায় জনসভার মাধ্যমে এ দলের সফর শেষ হয়। এসব কর্মসূচিতে বক্তব্য দেন নাসিম আক্তার হোসাইন, আবদুস সালাম, রাজেকুজ্জামান রতন প্রমুখ।ঢাকা-কক্সবাজার রুটে সফরকারীরা সকাল সাড়ে ১০টায় পটিয়ার কবির মার্কেটের সামনে ও বিকেল চারটায় চকরিয়ায় সমাবেশে অংশ নেন। বক্তব্য দেন শুভ্রাংশু চক্রবর্তী, রুহিন হোসেন, ম. ইনামুল হক প্রমুখ।ঢাকা-রংপুর রুটের দলটি বেলা ১১টায় নওগাঁ জেলা পাঠাগারে মতবিনিময় সভা, বিকেল তিনটায় জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা এবং পরে বগুড়া আইনজীবী সমিতি মিলনায়তনে সমাবেশে অংশ নেন। এসব কর্মসূচিতে বক্তব্য দেন নূর মোহাম্মদ, আনিসুর রহমান, জাহেদুল হক প্রমুখ। আজ শনিবার গাইবান্ধা, পীরগঞ্জ ও রংপুরে কর্মসূচির মাধ্যমে এ দলের সফর শেষ হবে।