খনিশ্রমিকদের মধ্যে ৫৪ লাখ টাকার চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ফুলবাড়ীর মানুষ বাহ্যিকভাবে খনির বিরোধিতা করলেও আন্তরিকভাবে তাঁরাও ফুলবাড়ী কয়লা খনির বাস্তবায়ন চান। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের জীবনমান উন্নয়নে খনির সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) তহবিল থেকে মাসিক রেশনের চাল ও উৎপাদন বোনাস বাবদ ৫৩ লাখ ৫৮ হাজার ২৮৮ টাকার চেক বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
খনির আবাসিক এলাকার টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠানে বক্তব্য দেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহাম্মদ, কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়া, বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ইউএনও তরফদার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দুল আলম প্রমুখ। সভাপতিত্ব করেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা হাফিজুল ইসলাম প্রামানিক।
মন্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক আবু সুফিয়ানসহ চার নেতার হাতে যথাক্রমে ২৯ লাখ ৯৩ হাজার ৩৭০ টাকা, ২২ লাখ ৯৫ হাজার ৪৮ টাকা, ৪৮ হাজার ৯৩০ টাকা ও ২০ হাজার ৯৪০ টাকার চারটি চেক তুলে দেন। খনিতে কর্মরত প্রায় ৮৫০ জন শ্রমিককে প্রথমবারের মতো গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সাত মাসের বকেয়া হিসেবে এই অর্থ দেওয়া হয়।