খন্দকার পরিবারের আধিপত্য পাকাপোক্ত হলো ফরিদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি গত কয়েক বছর ধরেই দুই ভাগে বিভক্ত। এক পক্ষে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ তাঁর অনুসারীরা। অপর পক্ষে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা। তবে মন্ত্রীর পক্ষটিই কয়েক বছর ধরে ফরিদপুরের সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
মন্ত্রী ঢাকায় অবস্থান করায় তাঁর পক্ষে ফরিদপুরের সবকিছু দেখভাল করেন তাঁর ভাই খন্দকার মোহতেসাম হোসেন ওরফে বাবর। অভিযোগ আছে, কেবল মন্ত্রীর ভাই হওয়ার কারণেই কোনো পদে না থেকেও তিনি ফরিদপুরের ক্ষমতাশালীদের একজন হয়ে ওঠেন। এর মধ্যে গত শনিবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন মোহতেসাম হোসেন। ফলে ফরিদপুরে তাঁর তথা খন্দকার পরিবারের আধিপত্য আরও পাকাপোক্ত হলো। আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পরাজিত হওয়ায় রাজনৈতিক শক্তিতেও খন্দকার পরিবার এগিয়ে গেল। মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান ভাই হওয়ায় এখন কাজকর্মেও তাঁদের আর কোনো সমস্যায় পড়তে হবে না বলে মনে করে এলাকাবাসী। উপজেলা নির্বাচনের পর গতকাল রোববার সদরের একাধিক মানুষের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
খন্দকার পরিবারের আধিপত্য আরও বাড়ল কি না—জানতে চাইলে মোহতেসাম হোসেন বলেন ‘আমার দাদা ব্রিটিশ আমলে ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ও বাবা প্রায় ২৫ বছর চেয়ারম্যান ছিলেন। ভাই মন্ত্রী এবং এক চাচাতো ভাই এখনো আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সুতরাং পারিবারিক ঐতিহ্য তো আছেই।’
এদিকে, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এ এইচ এম মাহবুবুল হাসান গতকাল রোববার সংবাদ সমেঞ্চলন করে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে কারচুপি ও প্রভাব খাটানোর অভিযোগ করে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হিসাবে অনুযায়ী, সদর উপজেলায় মোহতেসাম হোসেন ৮৫ হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী মাহবুবুল হাসান পেয়েছেন ৬৩ হাজার ৫৭৩ ভোট। এ ছাড়া জামায়াতে ইসলামের প্রার্থী আবদুত তাওয়াব ১৮ হাজার ৩৮৫, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঝরনা হাসান আট হাজার ৭৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম দস্তগীর খান পেয়েছেন তিন হাজার ৪১৭ ভোট। চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৬৩ দশমিক দুই শতাংশ।
সাবেক সাংসদ দেলোয়ার হোসেন বলেন, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক মন্ত্রীর ভাই হওয়ায় এক ধরনের প্রভাব কাজ করাটাই স্বাভাবিক। এলাকার আরও কয়েকজন ব্যক্তি বলেন, ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীর জন্য শেষ মূহূর্তে প্রচারণাও কমে যায়। অধিকাংশ নেতা-কর্মী মন্ত্রীর ভাইয়ের পক্ষে কাজ করেছেন। মোহতেসাম হোসেন নিজ ইউনিয়ন কৈজুরিতে একচেটিয়াভাবে ভোট পেয়েছেন। অন্যদিকে, জামায়াতের প্রার্থী থাকায় বিএনপি প্রার্থী জামায়াতের ভোট পাননি।
বিএনপি প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান: গতকাল দুপুরে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহবুবুল হাসান শহরের বিএনপির কেন্দ্রীয় নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাসভবনে সংবাদ সমেঞ্চলন করে নির্বাচন প্রত্যাখ্যান করেন। কারচুপির পাশাপাশি তিনি একই সঙ্গে জামায়াতের প্রার্থী থাকায় পাস করতে পারেননি বলে মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের কারণেই আজ বিএনপির রাজনীতি হুমকির মুখে পড়েছে। এ জন্য তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জোট থেকে জামায়াতকে পরিত্যাগ করার দাবি জানান। এ সময় চৌধুরী কামাল ইবনে ইউসুফ উপস্থিত থাকলেও জামায়াতের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।