খন্দকার ফারুকের আদর্শ তরুণদের জন্য অনুপ্রেরণার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইউকসু) সাবেক সহসভাপতি (ভিপি) খন্দকার মোহাম্মদ ফারুক জীবনে কখনো আদর্শচ্যুত হননি। তাঁর জীবনাদর্শ রাজনীতিবিদদের জন্য অনুসরণীয়, তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় খন্দকার মোহাম্মদ ফারুক স্মরণে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিট্যাক্টস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি সংগঠন এর আয়োজন করে।
গত ২৯ জুন থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম এই সেনা।
আলোচনা অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সহসভাপতি কাজী আনিসউদ্দিন ইকবাল বলেন, খন্দকার ফারুক শেষ জীবনে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত না থাকলেও জীবনে কখনো আদর্শচ্যুত হননি। তাঁর এ দৃষ্টান্ত দেশের রাজনীতিবিদদের জন্য অনুসরণীয়।
খন্দকার ফারুকের ভগ্নিপতি সাখাওয়াত হোসেন বলেন, প্রান্তিক মানুষের জন্য তাঁর যে ভালোবাসা, তা দেশের অনেক রাজনীতিবিদের নেই। গণমানুষের জন্য তাঁর অনেক পরিকল্পনা ছিল যা তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক এ সভাপতি সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক লাকি আক্তার বলেন, খন্দকার ফারুকের নেতৃত্বে বুয়েটে ছাত্র ইউনিয়ন একটি ছোট সংগঠন থেকে মহিরুহে পরিণত হয়েছে। তিনি যে আদর্শকে ধারণ করেছিলেন তা প্রতিটি ছাত্র আন্দোলনের সদস্যের জন্য অনুপ্রেরণার।