খন্দকার মাহবুব হোসেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত নবনির্বাচিত কমিটির প্রথম সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। একই সঙ্গে বার কাউন্সিলের ১০টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। প্রসঙ্গত, পদাধিকারবলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান।নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘অতীতে আইনজীবীদের এনরোলমেন্ট (আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি) নিয়ে স্বচ্ছতা ছিল না। এবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। বিচার বিভাগে যাতে দলীয়করণ না হয়, সে ব্যাপারেও সচেষ্ট থাকব।’ গত ১৮ জুলাই বার কাউন্সিলের নির্বাচন হয়। আনুষ্ঠানিকভাবে ২৪ জুলাই এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ২০১২-এর নির্বাচনে ১৪টি আসনের মধ্যে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা নয়টি এবং সরকার-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পাঁচটি আসনে নির্বাচিত হয়। ১০টি কমিটি: গতকাল খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় নবনির্বাচিত সদস্যরা অংশ নেন। সভায় ভাইস চেয়ারম্যান ছাড়াও ১০টি স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়। এর মধ্যে আইনজীবী এ জে মোহাম্মদ আলী নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া এ এম মাহবুবউদ্দিন খোকন এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, সানাউল্লাহ মিয়া ফাইন্যান্স কমিটির, গোলাম মোস্তফা খান লিগ্যাল এডুকেশন কমিটির, এ কে এম হাফিজুর রহমান ল রিফর্ম কমিটির, গোলাম মোস্তফা খান হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির, খন্দকার মাহবুব হোসেন হাউস কমিটির, আইনজীবী মো. ইসহাক রিলিফ কমিটির, মো. কাইমুল হক রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির, মো. কবির চৌধুরী কমপ্লেইন অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।