খন্দকার মাহবুবকে নোটিশ ট্রাইব্যুনালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মাহবুব হোসেন
খন্দকার মাহবুব হোসেন

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম কেন হাতে নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২১ অক্টোবরের মধ্যে তাঁকে এই নোটিশের জবাব দিতে হবে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ  রোববার এ আদেশ দেন।
আদেশে খন্দকার মাহবুবের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো তিনি ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী, সাক্ষীসহ গোটা বিচারপ্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। একজন জ্যেষ্ঠ আইনজীবী হয়ে তিনি সুপ্রিম কোর্টের বিচারকসহ ট্রাইব্যুনালের বিচারক ও বিচারসংশ্লিষ্ট প্রত্যেককে হুমকি দিয়েছেন। তাঁর বক্তব্য বিচার বিভাগের স্বাধীনতার জন্য স্পষ্ট হুমকি।
এ তিনটি বিষয়ে খন্দকার মাহবুবকে ২১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা জানাতে হবে।
ট্রাইব্যুনাল আদেশে আরও বলেন, খন্দকার মাহবুব একজন প্রবীণ আইনজীবী। তাই তাঁর পদমর্যাদা বিবেচনায় তাঁকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেননি আদালত।
৩ অক্টোবর খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।

ওই দিন বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। শুনানিতে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব ১ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে। প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। আর যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিল, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের খবর বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত ও পত্রিকায় ছাপা হয়েছে। এই বক্তব্যের সমর্থনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ২ অক্টোবরের প্রথম আলোসহ চারটি পত্রিকা ট্রাইব্যুনালে দাখিল করেন।

শুনানিতে জেয়াদ-আল-মালুম আরও বলেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবের এ ধরনের মন্তব্য ভিত্তিহীন ও অসত্ উদ্দেশ্যপ্রণোদিত। ট্রাইব্যুনালকে অবমাননা করে মানুষের কাছে হীন প্রতিপন্ন করার জন্য তিনি এ ধরনের মন্তব্য করেছেন, যা স্বাধীন বিচার প্রক্রিয়ার জন্য বাধা। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম হাতে নেওয়া হোক এবং ট্রাইব্যুনালে তলব করে এ ধরনের মন্তব্যের কারণ জানতে চেয়ে তার ব্যাখ্যা জানতে চাওয়া হোক।

১১(৪) ধারায় কারও বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তাঁকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই দিতে পারেন।

শুনানি শেষে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম হাতে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আজ ৬ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।