খন্দকার মাহবুবকে সতর্ক করলেন আদালত

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে সতর্ক করে তাঁর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার বিষয়টি নিষ্পত্তি করে আদেশ দেন। খবর বাসসের।
ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়, কথা বলার স্বাধীনতা সবারই রয়েছে। কিন্তু এ সুযোগ নিয়ে কেউ আদালত অবমাননা করতে পারেন না। খন্দকার মাহবুবের উদ্দেশে বলা হয়, আপনি আইনজীবীদের নেতা, দায়িত্বশীল পদে আছেন। আপনি কোনো সাধারণ মানুষ নন। এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যাতে আইনজীবী এবং আদালতের মাঝে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। সাধারণ মানুষের মনে আদালত, বিচার বিভাগ সম্পর্কে বিতর্কের সৃষ্টি হয়। প্রত্যেকের উচিত আদালতের মর্যাদা রক্ষা করা।
গত ৮ মে বিষয়টির ওপর উভয় পক্ষের শুনানি শেষে আজ ২২ জুন আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল। খন্দকার মাহবুব হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেয়াদ আল মালুম।
গত বছর ট্রাইব্যুনাল-১-এ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর এক প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচার প্রসঙ্গ নিয়ে একটি মন্তব্য করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। পরে রাষ্ট্রপক্ষ খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করে।
বক্তব্যে খন্দকার মাহবুব বলেছিলেন, ‘এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশা আল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে। নির্দোষ ব্যক্তিরা, প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত, ইনশা আল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।’