খন্দকার মাহবুবকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে আদালত বা বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দেওয়া আদেশে গতকাল রোববার ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন৷

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আদেশে বলেন, প্রত্যেকের বাক্স্বাধীনতা আছে৷ কিন্তু কেউ এর সুযোগ নিয়ে আদালত অবমাননা করতে পারেন না৷সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব প্রসঙ্গে ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি আইনজীবীদের নেতা, দায়িত্বশীল পদে আছেন৷ তিনি কোনো সাধারণ মানুষ নন৷ তাঁর এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যাতে আইনজীবী ও আদালতের মাঝে ভুল-বোঝাবুঝি হয় এবং সাধারণ মানুষের মনে বিচার বিভাগ সম্পর্কে বিতর্ক তৈরি হয়৷ প্রত্যেকের উচিত আদালতের মর্যাদা রক্ষা করা৷খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি গত ৮ মে শেষ হয়৷ তাঁর পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম৷ রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি জেয়াদ আল-মালুম৷গত বছরের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন এই ট্রাইব্যুনাল৷ রায়ের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে৷ প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে৷ আর যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিল, ইনশা আল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে৷’

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ৷ ৬ অক্টোবর তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন ট্রাইব্যুনাল৷ ১৯ নভেম্বর তাঁর পক্ষে তাজুল ইসলাম নোটিশের জবাব দাখিল করেন৷