চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সাকা সাংসদ: সুরঞ্জিত

চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাংসদ থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি সংঘাতের পথ ছেড়ে বিচারিক পথে এগিয়ে আসবে কি আসবে না, এটা তাদের বিষয়। কারণ, এ রায়ই শেষ কথা নয়। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ তাদের রয়েছে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরীর পদ থাকবে।’
তবে আজ নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদে সদস্যপদ থাকবে কি থাকবে না, এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) জানাবে। এখনই তাঁর সদস্যপদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না ইসি।
‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজে সম্পৃক্ত ব্যক্তিদের বিচার হবে’—গতকাল সাকা চৌধুরীর ফাঁসির রায় হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এমন মন্তব্য করেন। এ বিষয়ে সুরঞ্জিত বলেন, ‘এটা কোনো আইনের কথা হতে পারে না। তিনি একজন আদালতের মানুষ; তাঁর কাছ জাতি এমন বক্তব্য আশা করে না।’
সুরঞ্জিত বলেন, আদালতকে বিতর্কিত করার জন্য এর আগেও স্কাইপি কথোপকথন প্রকাশ করা হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের রায়ের কপি অনলাইনে প্রকাশিত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইন মন্ত্রণালয়কে তদন্ত করে তা জাতির কাছে প্রকাশ করার দাবি জানান তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ।