খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য আদালতের প্রতি অবজ্ঞার শামিল এবং আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গতকাল মঙ্গলবার নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী জজ ও বিচার বিভাগীয় হাকিমদের প্রশাসন-সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী ওই মন্তব্য করেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, আদালতের বাইরে গিয়ে বাড়ির বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়।গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি-সমর্থিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়টি আদালতের বাইরে সমাধান করার আহ্বান জানিয়েছিলেন।রাষ্ট্রপতি ও একসময়ের সেনাপ্রধান জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার নামে সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বৈধ নয় বলে বাতিল করেছে বর্তমান সরকার। খালেদা জিয়া ওই বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করলে আদালত সম্প্রতি তা খারিজ করে রায় দেন।আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘বিষয়টি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। কাউকে ধনী করার জন্য যদি রাষ্ট্রের সম্পদ দেওয়া হয়, তা আদালত দেখবে। ক্যান্টনমেন্টের ওই বাড়িটির ১৬৫ কাঠা সম্পত্তির বর্তমান বাজারমূল্য ৪০০ কোটি টাকারও বেশি।’আইনমন্ত্রী আরও বলেন, এটি সম্পূর্ণ সামরিক জায়গা। এ জায়গায় কোনো বেসামরিক নাগরিককে দেওয়া যায় না। আইনমন্ত্রী মামলা ও আদালত ব্যবস্থাপনার ওপর বিচারকদের আরও দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। তিনি মামলাজটের কারণ চিহ্নিত করে তা দূর করার ব্যবস্থা গ্রহণ ও জটিলতাহীন মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য দুই পক্ষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মো. হামিদুল হক। ২৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।