খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আদালত অবমাননার অভিযোগ এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম। এখন তাঁর বিরুদ্ধে কার্যক্রম হাতে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ শুনানিতে জেয়াদ আল মালুম বলেন, ১ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হবে...আর যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিল ইনশা আল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।’
২ অক্টোবর প্রথম আলো, জনকণ্ঠ, কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এ-সংক্রান্ত প্রতিবেদন ছাপা হয়েছে।
জেয়াদ আল মালুম বলেন, এজাতীয় বক্তব্য ট্রাইব্যুনালের জন্য অবমাননাকর এবং স্বাধীন বিচারপ্রক্রিয়ার জন্য বাধা। তিনি ট্রাইব্যুনাল আইনের ১১ (৪) ধারায় খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে কার্যক্রম হাতে নেওয়ার আরজি জানান এবং একই সঙ্গে তাঁকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার দাবি জানান।
শুনানি শেষে ট্রাইব্যুনাল রোববার আদেশের দিন ধার্য করেন।