খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম নেওয়া হবে কি না, এ বিষয়ে ৬ অক্টোবর (রোববার) আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। শুনানিতে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব ১ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে। প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। আর যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিল, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের খবর বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত ও পত্রিকায় ছাপা হয়েছে। অভিযোগের সমর্থনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ২ অক্টোবরের প্রথম আলোসহ চারটি পত্রিকা ট্রাইব্যুনালে দাখিল করেন।
জেয়াদ-আল-মালুম আরও বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবের এ ধরনের মন্তব্য ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ট্রাইব্যুনালকে অবমাননা করে মানুষের কাছে হীন প্রতিপন্ন করতে তিনি এ ধরনের মন্তব্য করেছেন, যা স্বাধীন বিচারপ্রক্রিয়ার জন্য বাধা। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম হাতে নেওয়া হোক এবং ট্রাইব্যুনালে তলব করে এ ধরনের মন্তব্যের কারণ জানতে চেয়ে তাঁর ব্যাখ্যা জানতে চাওয়া হোক।
১১(৪) ধারায় কারও বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তাঁকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন।
শুনানি শেষে আদেশের জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।