খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন পদক্ষেপ নেওয়া হবে না, জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁকে ২১ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে হবে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, খন্দকার মাহবুবকে তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। প্রথমত, তিনি ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী, সাক্ষীসহ গোটা বিচারপ্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। দ্বিতীয়ত, একজন জ্যেষ্ঠ আইনজীবী হওয়ার পরও তাঁর বক্তব্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকসহ মানবতাবিরোধী অপরাধের বিচারসংশ্লিষ্ট প্রত্যেকের জন্য হুমকি। তৃতীয়ত, তাঁর বক্তব্য বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাধীন বিচারিক প্রক্রিয়ার জন্য স্পষ্ট হুমকি।
ট্রাইব্যুনাল আদেশে আরও বলেন, খন্দকার মাহবুব একজন প্রবীণ আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তাঁর পদমর্যাদা বিবেচনা করে তাঁকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো না।
খন্দকার মাহবুবের বিরুদ্ধে ৩ অক্টোবর আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। তাঁরা বলেন, খন্দকার মাহবুব ১ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে। প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। আর যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিল, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর দেওয়া ওই বক্তব্য ওই দিনই বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয় এবং পরদিন পত্রিকায় ছাপা হয়। ট্রাইব্যুনালে শুনানিতে আইনজীবীরা বলেন, খন্দকার মাহবুবের এ ধরনের মন্তব্য ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম হাতে নেওয়া হোক।
বিচারকদের সম্পর্কে কিছু বলা হয়নি: খন্দকার মাহবুব হোসেন গতকাল বার কাউন্সিল মিলনায়তনে সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর ওই বক্তব্যে বিচারকদের সম্পর্কে কিছু বলা হয়নি। কেননা, বিচারক কোনো মামলার সঙ্গে সম্পৃক্ত থাকেন না। তিনি থাকেন নিরপেক্ষ। মামলার বাদী, বিবাদী এবং যাঁরা সাক্ষ্য দেন, তাঁরাই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকেন। বিচারক মামলার সাক্ষ্য-প্রমাণ শুনে তা পর্যালোচনা করে রায় দেন।
খন্দকার মাহবুব বলেন, ‘আমাদের দণ্ডবিধিতেও আদালতে মিথ্যা মামলা করা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া দণ্ডনীয় অপরাধ। তাই ভবিষ্যতে যদি দেখা যায় যে মিথ্যা মামলা তৈরি করে এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে ট্রাইব্যুনালে কাউকে সাজা দেওয়া হয়েছে, তবে অবশ্যই আইনত তাঁদের বিচারের সম্মুখীন হতে হবে। আমি ট্রাইব্যুনাল ও বিচারকদের সম্পর্কে কোনো মন্তব্য করিনি। আমার বক্তব্য বিকৃত করে ব্যাখ্যা করা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাবুব হোসেন বলেন, ‘আমি ৫০ বছর ধরে আদালত অঙ্গনে আছি, আদালতের ভাবমূর্তি নিয়ে আমি খুবই সচেতন। রাষ্ট্রপক্ষ আমাকে হেনস্তা করতে আদালত অবমাননার অভিযোগ এনেছে।’