খন্দকার মাহবুবের রিমান্ড আদেশ ৭ দিনের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনে
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনে

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিমান্ড বিষয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 
পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় গতকাল বুধবার মাহবুব হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন। 
ওই রিমান্ড আদেশ বাতিল চেয়ে আজ হাইকোর্টে আবেদন করা হয়। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও গোলাম কিবরিয়া। 
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামনুর রশীদ। 
মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, আদালত রিমান্ড আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছেন।
গোলাম মোহাম্মদ চৌধুরী ‘প্রথম আলো’কে বলেন, রিমান্ড আদেশ স্থগিতের পাশাপাশি কেন ওই আদেশ বাতিল করা হবে না, এ মর্মে রুলও জারি করেছেন হাইকোর্ট।
গত মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুবকে আটক করা হয়।