খন্দকার মাহবুবের রিমান্ড স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানায় করা একটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে রিমান্ডে নেওয়ার আদেশের কার্যকারিতা সাত দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুলে রিমান্ড আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকানি দেওয়ার অভিযোগে করা ওই মামলায় গত বুধবার খন্দকার মাহবুব হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আদালত। ওই আদেশ বাতিল চেয়ে খন্দকার মাহবুব হোসেন হাইকোর্টে আবেদন করেন। আদালতে খন্দকার মাহবুবের পক্ষে আইনজীবী গোলম মোহাম্মদ চৌধুরী আলাল, গোলাম কিবরিয়া ও মাসুদ রানা মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।