খন্দকার মোশাররফের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।
আদেশের পর দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, জামিন আদেশ স্থগিত হওয়ায় খন্দকার মোশাররফ হোসেন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
ওই মামলায় ৯ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শর্তসাপেক্ষে খন্দকার মোশাররফের জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে পরদিন দুদক চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। রাষ্ট্রপক্ষও স্থগিতাদেশ চেয়ে আবেদন করে। গতকাল এসব আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি করে দুদক। এ মামলায় ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করেন। ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগে ওই জামিন বাতিল হয়। ১২ মার্চ খন্দকার মোশাররফকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। ২৯ এপ্রিল হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দেন। রুলের শুনানি শেষে ৯ জুলাই আদালত রায় দেন।
অপুর জামিনের আবেদন: এদিকে বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় জামিনের আবেদন করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস মিয়া নুর উদ্দিন অপু। গতকাল তাঁর পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয় বলে জানান তাঁর আইনজীবী সগীর হোসেন।