প্রতিবাদের পাল্টা বক্তব্য কেন্দ্রীয় ঐক্য পরিষদের
খন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগের নিন্দা ও প্রতিবাদ
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ফরিদপুরে হিন্দু বাড়ি দখল ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুরের হিন্দু নেতারা।
গত বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, মন্ত্রী, সাংসদ, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করছে। সংবাদ সম্মেলনে নাম উল্লেখ করে যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তাঁদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফও।
মোশাররফের বিরুদ্ধে করা ওই অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার বিবৃতি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখা। তবে এই প্রতিবাদের পাল্টা বক্তব্য দিয়েছে কেন্দ্রীয় পরিষদ।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন গতকাল বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলন করে খন্দকার মোশাররফ ফরিদপুরে হিন্দু বাড়ি দখল করেছেন বলে যে অভিযোগ এনেছেন তা যথার্থ নয়। এ-জাতীয় একটি অভিযোগ আনার আগে জেলা কমিটির সঙ্গে কথা বলা উচিত ছিল। কেননা, উল্লিখিত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
গতকাল ফরিদপুরের হিন্দু সম্প্রদায়ের নানা সংগঠন সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করা-সংক্রান্ত ওই খবরের প্রতিবাদে এক সভারও আয়োজন করে। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত স্থানীয় আফসানা মঞ্জিলে এ সভা হয়। সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু সংস্কার সংস্থার জেলা নেতারা বক্তব্য দেন।
সভায় হিন্দু নেতাদের মধ্যে বক্তব্য দেন জগদীশ চন্দ্র ঘোষ, সুবল চন্দ্র সাহা, অলোক সেন, সুকেশ সাহা, শ্যামল কর্মকার, প্রদীপ কুমার দাস, সঞ্জীব কুমার সাহা, সুনীল চক্রবর্তী প্রমুখ।
সুবল চন্দ্র সাহা বলেন, খন্দকার মোশাররফ ওই জমির দাতা অরুণ কুমার গুহ মজুমদারের অনুরোধে ন্যায্যমূল্যে রেজিস্ট্রি কবলা করে কিনেছেন। এ ক্ষেত্রে কোনো রকম দখলদারির ঘটনা ঘটেনি।
কেন্দ্রীয় ঐক্য পরিষদের বক্তব্য: এই নিন্দা ও প্রতিবাদের ব্যাপারে গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে খবর আছে, আজ (শুক্রবার) বিকেল পাঁচটায় ফরিদপুরে মন্ত্রীর বাড়িতে আমাদের লোকদের (ঐক্য পরিষদের লোকজন) ডেকে নেওয়া হয়। তাঁদের গালিগালাজ ও অপমান করা হয়। তাঁদের ওপর চাপ দেওয়া হয় যেন তাঁরা বলেন, ফরিদপুরে সংখ্যালঘুদের জমি দখলের খবর সঠিক নয়।’