খন্দকার মোশাররফের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা চলবে
মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার খন্দকার মোশাররফের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। আদালতে খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আদেশের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এর ফলে খন্দকার মোশাররফের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে আইনগত বাধা নেই। ২৪ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। গত বছরের ২৮ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালতে খন্দকার মোশাররফের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খন্দকার মোশাররফ, গতকাল যা খারিজ হলো।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে প্রায় সাড়ে নয় কোটি টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে এ মামলাটি করে দুদক। ২০১৪ সালের ১২ মার্চ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অবশ্য গত সপ্তাহে আপিল বিভাগ থেকে জামিন পেয়ে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।