খন্দকার মোহাম্মদ ফারুকের দাফন আজ

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ ফারুকের (৫৭) মরদেহ থাইল্যান্ড থেকে গতকাল মঙ্গলবার ঢাকায় আনা হয়েছে। এরপর বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোড মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।
আজ বুধবার টাঙ্গাইলের আইসড়া গ্রামে পারিবারিক কবরস্থানে খন্দকার মোহাম্মদ ফারুককে দাফন করা হবে। তার আগে আজ সকাল নয়টার তাঁর মরদেহ বুয়েট মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য মরদেহ শহীদ মিনারে রাখা হবে। দুপুর ১২টার দিকে মরদেহ টাঙ্গাইল জেলার আইসড়া গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে আবার জানাজা শেষে দাফন করা হবে।
এদিকে ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা।
স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় ছাত্র সংসদের তিনবারের নির্বাচিত ভিপি খন্দকার মোহাম্মদ ফারুক গত রোববার থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১৯৫৬ সালে ৩০ জুন জন্ম গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।