খন্দকার মোহাম্মদ ফারুকের লাশ আজ দেশে আসবে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ ফারুকের (৫৭) লাশ আজ মঙ্গলবার ঢাকায় আসবে।বাদ আসর ধানমন্ডির ৭ নম্বর রোড জামে মসজিদে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।
এরপর আগামীকাল ২ জুলাই বারডেম থেকে লাশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে নেওয়া হবে।সকাল সাড়ে ১০টা পর্যন্ত লাশ সেখানে থাকবে সবার শ্রদ্ধার জন্য।এরপর সকাল সাড়ে ১০টায় সেখানে দ্বিতীয় জানাজা হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাশ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।এরপর সেখান থেকে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের উদ্দেশে মরদেহ নিয়ে যাবেন স্বজনেরা।বাদ আসর আইসড়া উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খন্দকার মোহাম্মদ ফারুক গত রোববার থাইল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।তিনি ছিলেন স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তিনবারের নির্বাচিত ভিপি এবং বাংলাদেশ
ক্ষেতমজুর সমিতির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য।তাঁর মৃত্যুতে বাংলদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।