বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের গ্রামের বাড়ি অপসারণ ও সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে গতকাল রোববার কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত শহীদনগর বাজারে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
খন্দকার মোশতাকের গ্রামের বাড়ি উপজেলার দশপাড়া গ্রামে। উপজেলা আওয়ামী লীগের অন্তত তিনজন নেতা বলেন, গতকাল বেলা ১১টায় শহীদনগর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দশপাড়াগ্রামে খন্দকার মোশতাকের বাড়ির দিকে যাচ্ছিলেন। শহীদনগর উত্তর বাজারে পুলিশ ওই মিছিলে বাধা দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেন। বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে।
অবস্থান কর্মসূচি চলার সময় বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া, সাধারণ সম্পাদক আবদুস সালাম, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারমান আবদুস সালাম, দাউদকান্দির পৌর মেয়র আবু নাঈম, দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
জানতে চাইলে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘কুমিল্লা ও দাউদকান্দিকে কলঙ্কমুক্ত করার জন্য খন্দকার মোশতাকের বাড়ি অপসারণের জন্য আমরা আন্দোলন করছি। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের (দুই মেয়ে ব্যতীত) হত্যা করে খুনিরা উল্লাস করে। খন্দকার মোশতাক এ ক্ষেত্রে পরিকল্পনা করেছেন। গত ৪১ বছরে খন্দকার মোশতাকের বাড়ি অপসারণের জন্য কেউ আন্দোলন করেনি। এখন আমরা রাজপথে নেমেছি। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ওই বাড়ি অপসারণ এবং সম্পত্তি বাজেয়াপ্ত না করলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো অনেকগুলো কারণের মধ্যে এই একটি কারণে কুমিল্লা বিভাগের নামকরণ ময়নামতি নামে করতে দিকনির্দেশনা দিয়েছেন।’
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খন্দকার মোশতাকের বাড়ি অপসারণের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দশপাড়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে তাঁদের শহীদনগর এলাকায় আটকে দেওয়া হয়। এরপর তাঁরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে চলে যান।