খন্দকার মোশতাকের বাড়ি অপসারণের দাবিতে অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের বাড়ি উচ্ছেদ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অন্তত পাঁচজন আহত হন।
এদিকে একই দাবিতে আগামী ২ মার্চ বেলা তিনটায় দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হুড়োহুড়ি করে দৌড়াতে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুজন গণমাধ্যমকর্মী ও আরও দুই ব্যক্তি সামান্য আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।