খন্দকার মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের পৈতৃক বাড়িসহ তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ রোববার বিকেলে এক সমাবেশে নেতা-কর্মীরা এ দাবি জানান।

আজ বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শহীদনগর ট্রমা সেন্টারের মাঠে এক সমাবেশ শেষে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলীর নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মোশতাক আহমদের বাড়ি ঘেরাও করতে গেলে বিকেল সাড়ে চারটার সময় দাউদকান্দি থানা-পুলিশ শহীদনগর সুন্দলপুর সড়কের ভাগুলপুর এলাকায় তাঁদের বাধা দেয়।

পুলিশের বাধায় নেতা-কর্মীরা খন্দকার মোশতাকের বাড়ি যেতে না পেরে সড়কে বসে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, তাঁরা চেয়েছিলেন খন্দকার মোশতাকের বাড়ি ঘেরাও করে কুমিল্লাকে ‘কলঙ্ক মুক্ত’ করতে, কিন্তু পুলিশ তাঁদের ঘেরাও করতে দেয়নি। এ সময় মোশতাকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার মাধ্যমে কুমিল্লাকে ‘কলঙ্কমুক্ত’ করার দাবি জানান বক্তারা।

সড়কে সমাবেশ করার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। এক ঘণ্টা পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।