খন্দকার মোশাররফ তিন দিনের রিমান্ডে
অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক আহসান আলী গতকাল মোশাররফ হোসেনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মোশাররফ হোসেনের পক্ষে রিমান্ডের আবেদন নাকচ করে জামিন প্রার্থনা করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী কবির হোসেন আদালতকে বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেন। ওই অর্থ লন্ডনের লয়েডস টিএসবি ব্যাংকে জমা করা হয়। পাচার করা অর্থের উৎস জানতে মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
খন্দকার মোশাররফ নিজেই শুনানি করেন। তিনি আদালতকে বলেন, কোনো টাকা বিদেশে পাচার করা হয়নি। ২০১৩ সালের মে মাসে তিনি তাঁর অর্থ ও সম্পদের হিসাব দিয়েছেন। যুক্তরাজ্যে অর্থ পাচারের অভিযোগ সঠিক নয়। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তিনি ও তাঁর স্ত্রী ১৯৭০ থেকে ১৯৭৫ সালে ওই টাকা আয় করে যুক্তরাজ্যের শেয়ারবাজারে বিনিয়োগ করেন। মোশাররফ দাবি করেন, শুধু হয়রানি করতে এ মামলা করা হয়েছে। তিনি বলেন, এ মামলা করার ক্ষেত্রে তাঁকে কোনো নোটিশ দেওয়া হয়নি।
মোশাররফের আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যৌক্তিক কোনো উপাদান নেই।
গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন দেওয়া হয় খন্দকার মোশাররফকে। আপিল বিভাগ ২৪ ফেব্রুয়ারি তা বাতিল করেন। গত বুধবার গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।