খন্দকার মোশাররফের জামিন আপিল বিভাগে বাতিল

বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জামিন আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
১০ ফেব্রুয়ারি হাইকোর্ট এ মামলায় তাঁর ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছিলেন। এই আদেশের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।
আজ আদালতে তাঁর পক্ষে ছিলেন মওদুদ আহমদ ও এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে দিয়েছেন। ফলে তাঁর আগাম জামিন রইল না।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার। পাচার করা এ অর্থের পরিমাণ বাংলাদেশি প্রায় ১০ কোটি টাকা।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপনে এবং দেশের বিদ্যমান আইন না মেনে বিদেশে পাচার করেছেন। তিনি যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকিংয়ে স্ত্রীর সঙ্গে যৌথ নামে ‘ফিক্সড টার্ম ডিপোজিট’ নামের হিসাবে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড জমা করেন। ১১৮ দশমিক ৬৩ টাকা হারে ওই জমা করা ব্রিটিশ পাউন্ডের বাংলাদেশি মূল্যমান নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। ব্যাংকের বার্ষিক বিবরণীতে বর্তমানে ওই হিসাবটিকে ‘ফ্রিজ’ বা স্থগিত দেখানো হয়েছে। এভাবে বিদেশে জমা করা অর্থের বা হিসাবের বিষয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তাঁর সম্পদ বিবরণী বা তাঁর আয়কর বিবরণী নথির কোথাও উল্লেখ করেননি। আয়কর নথির এই হিসাব গত বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আমলে নেওয়া হয়েছে।
এজাহারে বলা হয়েছে, বিদেশে বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার বিষয়ে খন্দকার মোশাররফ বা তাঁর স্ত্রী বিলকিস কেউ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো অনুমোদন নেননি।
২০০৮ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে তত্কালীন দুদক কর্তৃপক্ষ। সেটির অভিযোগপত্র গত বছরের ২৪ মার্চ আদালতে জমা দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।