খন্দকার মোশাররফের জামিন আপিলে স্থগিত
মানি লন্ডারিং প্রতিরোধ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে শর্তসাপেক্ষে দেওয়া হাইকোর্টের জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।
জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের আদেশের ফলে খন্দকার মোশাররফ কারাগার থেকে মুক্তি পাবেন না। আদালত বলেছেন, দুই সপ্তাহের মধ্যে দুদককে নিয়মিত লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) করতে হবে। এতে মোশাররফের বিরুদ্ধে মামলার বিচারিক আদালতের নথিও সংযুক্ত করতে হবে।
১৯ আগস্ট বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোশাররফকে শর্তসাপেক্ষে জামিন দেন।