খন্দকার মোশাররফের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।

এই মামলায় বিএনপির এই নেতাকে ১৯ আগস্ট শর্তসাপেক্ষে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে খন্দকার মোশাররফ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ওই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে নয় কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে এ মামলাটি করে দুদক। পরে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ তা বাতিল করে দেন। এরপর গত বছরের ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।