খন্দকার মোশাররফের বিরুদ্ধে অর্থ পাচার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিগত চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার। এজাহারে বলা হয়েছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী বিলকিস আক্তার হোসেনের সংশ্লিষ্টতা তদন্তকালে খতিয়ে দেখা হবে।
এজাহারে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকার সময় খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা বিদ্যমান আইন না মেনে বিদেশে পাচার করেছেন। তিনি যুক্তরাজ্যের লয়েডস টিএসবি ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ নামে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড জমা করেন। বর্তমান হারে ওই ব্রিটিশ পাউন্ডের মূল্যমান বাংলাদেশি টাকায় নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১। ব্যাংকের বার্ষিক বিবরণীতে বর্তমানে ওই হিসাবটিকে ‘ফ্রিজ’ (জব্দ) দেখানো হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে, এভাবে বিদেশে জমা করা অর্থ বা হিসাবের বিষয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তাঁর সম্পদ বিবরণী বা আয়কর বিবরণীর কোথাও উল্লেখ করেননি। বিদেশে বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার বিষয়ে খন্দকার মোশাররফ বা তাঁর স্ত্রী কেউই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেননি।
২০০৮ সালে খন্দকার মোশাররফের বিরুদ্ধে রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে তৎকালীন দুদক কর্তৃপক্ষ। সেটির অভিযোগপত্র গত বছরের ২৪ মার্চ আদালতে জমা দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।