খন্দকার মোশাররফের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে গতকাল সোমবার ঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘যুদ্ধ জয়’-এর সামনে মানববন্ধন করেছে বিএনপি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি বেগম রাবেয়া চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাস, যুবদলের সভাপতি আমিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে খন্দকার মোশাররফসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। একই সঙ্গে গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবি জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। এদিকে একই দাবিতে দাউদকান্দি, চান্দিনাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধন হয়।