খন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। গতকাল সোমবার আংশিক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আতাউর রহমান ১৮ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

গতকাল মোশাররফ হোসেনকে কারাগার থেকে আদালতে এনে তাঁর উপস্থিতিতে শুনানি শুরু হয়। আংশিক শুনানি নিয়ে পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালীন খন্দকার মোশাররফ হোসেন তাঁর ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড করেন, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা হয়।