খবর ছাপা হওয়ার পর পদত্যাগ পরে প্রত্যাহার
ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন ও যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান খান তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গত শুক্রবার সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯ আগস্ট সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা হয়। সভায় যুগ্ম সম্পাদক ও ক্রয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান খান তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। ওই সভায় সভাপতিকে ‘জনস্বার্থে ও সমিতির কল্যাণার্থে’ পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ করা হয়।সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ গতকাল শনিবার বলেন, ১৯ আগস্টের সভার রেজুলেশনের ফটোকপি সভাপতির কাছে পাঠানোর পর তিনি তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।প্রসঙ্গত, ১৬ আগস্ট প্রথম আলোয় ‘ফরিদপুর ডায়াবেটিক সমিতি, গোপনে কেনা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকার যন্ত্র’ শীর্ষক খবর ছাপা হওয়ার পর ওই দিনই সমিতির এই দুই কর্মকর্তা ইস্তফা দিয়েছিলেন।