
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে পা দেওয়া মাত্র এক অন্য রকম অভিজ্ঞতা হবে। আপনি নিজেই অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন বিশাল এক শিল্পকর্মের। সচরাচর দেশে শিল্পকর্মের যে প্রদর্শনী হয়, তাতে দর্শকের ভূমিকা থাকে শুধুই দর্শক হিসেবে। এ প্রদর্শনীতে দর্শক নিজেও হবেন শিল্পকর্মের উপাদান। ব্যতিক্রম এখানেই। উপরন্তু দশ দিক থেকে আসা শব্দ, আলো, ছবি আর মুদ্রিত লেখনীর স্রোতের মতো নিরন্তর প্রবাহের মধ্যে পড়ে অভিনব অনুভূতি হবে মনে।
‘খবরখাদ্য’ নামের এই প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। শিল্পী ওয়াকিলুর রহমান এই দৃশ্যশিল্প প্রদর্শনীটি করেছেন প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে। উদ্বোধন ছিল অনানুষ্ঠানিক। বিকেল পাঁচটায় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ দর্শকদের আমন্ত্রণ জানিয়ে বলেন, প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী তারই অংশ। প্রথম আলোর ১০ বছর পূর্তি উপলক্ষে ২০০৯ সালে ‘কাগজের ছায়া’ নামে শিল্পী ওয়াকিলুর রহমান ও ঢালী আল মামুনের একটি দৃশ্যশিল্প প্রদর্শনী হয়েছিল। এবারের প্রদর্শনীটি তারই ধারাবাহিকতা। এরপর শিল্পী ওয়াকিলুর রহমান প্রদর্শনীর ভাবনাটি তুলে ধরেন। তিনি বলেন, জীবন বাঁচাতে খাদ্য যেমন অপরিহার্য, আধুনিক মানুষের জীবনে খবরও তাই। প্রথম আলোর গত ১৫ বছরের ছবি, সংবাদ এবং প্রতিদিনের সংবাদপত্র ছাপার নেপথ্যে যে বিপুল কর্মযজ্ঞ থাকে, সেসবই উপস্থাপন করা হয়েছে।
জাদুঘরের এই প্রদর্শনকক্ষের মেঝের আয়তন ছয় শ বর্গফুট। পুরো মেঝে, ওপরের সম-আয়তনের ছাদ এবং চারপাশের দেয়াল পুরোটা মিলিয়েই প্রদর্শনী। মেঝের বিভিন্ন স্থানে রাখা ১৪টি প্রজেক্টরের মাধ্যমে ছাদ, দেয়াল ও মেঝেতে লেখা ও ছবির চলমান দৃশ্যপরম্পরা সৃষ্টি করা হয়েছে। কোনো কোনো দেয়ালে আবার আছে পত্রিকার পাতা ও ছবির বিশেষ বিশেষ অংশের প্রক্ষেপণ। ফলে মেঝেতে দাঁড়ালে চলমান লেখা ও ছবি দর্শকদের গায়ে এসে পড়ে। আবার নানা কোণ থেকে আলোক প্রক্ষেপণ করায় দেয়ালে প্রবাহিত ছবি ও লেখার ওপর পড়ে দর্শকের ছায়া। ব্যাপারটা বেশ মজার। আলো-ছায়ার এই নান্দনিক সন্নিবেশের সঙ্গে নেপথ্যের সুরধ্বনি মিলেমিশে কক্ষের পরিবেশকে করে তুলেছে আকর্ষণীয়।
শিল্পী ও শিল্পানুরাগী বিপুল দর্শকের সমাগম ছিল প্রথম দিনেই। তাঁদের মধ্যে ছিলেন ১৫ বছর পূর্তিতে প্রথম আলোর বিশেষ আমন্ত্রণে আসা বিদেশি বন্ধু মিসরের আল আহরাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামাল আলী গাবালা, ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র ধারিওয়াল, আনন্দবাজার পত্রিকার বার্তা সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায়, নেপালের কাঠমান্ডু পোস্ট-এর বার্তা সম্পাদক মুকুল হুমাগিন ও ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি।
এই প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের শিল্পীদের অংশগ্রহণে পারফরম্যান্স আর্টেরও আয়োজন রাখা হয়েছে। উদ্বোধনী দিনে সন্ধ্যায় ছিল প্রদর্শনীর মূল ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে শিল্পী ইয়াসমীন জাহানের পারফরম্যান্স আর্ট। এ ছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন দিন শিল্পী প্রিমা নাজিয়া আন্দালিব, রীতু এ সাত্তার, কেহ্কাশা সাবাহ্, সুমনা আক্তার, আফসানা শারমিন, পলাশ ভট্টাচার্য, স্বাধীন কামরুজ্জামান, ফারাহ নাজ, অপরাজিতা সুমি, সঞ্জয় চক্রবর্তী, নিলয় হোসেন ও শারদ দাস আর্ট পারফরম্যান্স করবেন। সমাপনী দিনে থাকবে একটি বিশেষ আয়োজন।
খবরখাদ্য প্রদর্শনীটি প্রথম দিনেই শিল্পী ও শিল্পানুরাগী দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে। একেক জনের কাছে ভালো লেগেছে এর একেক বৈশিষ্ট্য। শিল্পী সামছুল আলম আজাদ বললেন, ‘কোনো একক শিল্পীর এত বড় আকারের প্রদর্শনী আমাদের দেশে সম্ভবত হয়নি। সত্যি একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা হলো।’ প্রদর্শনীটি খুবই সময়োপযোগী হয়েছে বলে মনে হয়েছে স্থপতি সালাহউদ্দিন আহমেদের।
এই প্রদর্শনীতে প্রথম আলোতে ছাপা, ছাপা না হওয়া বহু ছবি, লেখনী, সংবাদ শিরোনাম, কীভাবে একটি পত্রিকা তৈরি হয়ে পাঠকের হাতে পৌঁছায়, সেসব নেপথ্যের ঘটনার তথ্য-উপাত্তও ব্যবহার করা হয়েছে। আলোকচিত্রী মুনেম ওয়াসিফের কাছে ভালো লেগেছে চারপাশে পাওয়া এসব চেনা উপকরণকে নতুনভাবে ব্যবহার করার বিষয়টি। শিল্পী নাজিব তারেক বললেন, ‘খবরখাদ্য’ নামটিই খুব তাৎপর্যপূর্ণ।
প্রথম আলোর গত ১৫ বছরের অনেক রকমের ছবি আর খবরের সমন্বয়েই এই প্রদর্শনী। খুশিতে মন ভরে ওঠার মতো খবর যেমন আছে, আছে মন খারাপ হওয়ার মতো খবরও। শিল্পী বলেছেন, বাধ্য হয়েই রাখতে হয়েছে নেতিবাচক বিষয়গুলো। তবে, শিল্পীর প্রত্যাশা—খবর ছাড়া যেহেতু এখন আর চলার উপায়ই নেই, তাই ভালো খবরই আসুক প্রতিদিন কাগজের পাতা ভরে। প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত। শনি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা, শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার বন্ধ।