খবর পেয়েও এল না ফায়ার সার্ভিসের গাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের একটি পেট্রলের দোকানে আগুন লাগার খবর পেয়েও স্থানীয় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। এতে দুটি দোকান সম্পূর্ণ এবং একটি আংশিক পুড়ে গেছে।
কলাপাড়া পৌর শহরের কুমারপট্টি এলাকার বাসিন্দারা জানান, গতকাল বুধবার ভোরে পৌর শহরের উপজেলা সড়কের একটি পেট্রলের দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। এ সময় স্টেশন থেকে গাড়ি পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু গাড়ি আসেনি। এরপর কয়েক দফায় স্টেশনে যোগাযোগ করা হয়। তবু গাড়ি আসেনি। অথচ স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব সড়কপথে তিন কিলোমিটার। এ পথ পেরোতে পাঁচ থেকে সাত মিনিট লাগার কথা।
পরে পাশের উপজেলা আমতলী থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা ক্ষুব্ধ মানুষের রোষানলে পড়ে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুল খালেক বলেন, ‘আমরা রওনা হওয়ার পরপরই গাড়িটি বিকল হয়ে যায়। স্টেশনে দুটি গাড়ি থাকলে একটি নষ্ট হলে অন্যটি নিয়ে অপারেশন চালানো যেত। এটা ঊর্ধ্বতনদের বার বার বলেও সুরাহা পাইনি।’